সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাগ্যদেবী কখন কার সহায় হবেন, সেটা হয়তো কেউই বলতে পারেন না। কিন্তু একবার সহায় হলে একজন গরিব ভাগচাষিকেও ‘লাখপতি’ বানিয়ে দিতে পারেন। ঠিক যেমনটা হয়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। মাত্র ২০০ টাকায় জমি লিজ নিয়েছিলেন চাষের জন্য। কিন্তু সেই জমি খুঁড়তেই পেয়ে গেলেন হিরে! তা বিক্রি করে এখন তিনি লাখপতি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে আজেবাজে খরচ নয়, তাঁর স্বপ্ন ওই টাকা ভবিষ্যতে নিজের চার সন্তানের পড়াশোনার জন্য খরচ করা।
জানা গিয়েছে, লক্ষ্মণ যাদব নামে ওই ভাগচাষি সম্প্রতি একটি জমি লিজ হিসেবে নিয়েছিলেন। একেবারে ছোট জমিটি লিজ নিতে ২০০ টাকাও দিয়েছিলেন। কিন্তু তার বদলে যে এত টাকা পেয়ে যাবেন, তা স্বপ্নেও হয়তো কল্পনা করতে পারেননি। চাষের জন্য জমিটি লিজ নেওয়ার পরই সম্প্রতি সেটি খুঁড়তে শুরু করেছিলেন লক্ষ্মণ। আর তখনই একটি পাথর দেখতে পান। কিছুটা পরিষ্কার করতেই বুঝতে পারেন, আসলে সেটি সাধারণ কোনও পাথর নয়, হিরে। এরপরই শহরের একটি দোকানে সেটি দেখান তিনি। তাঁরাও জানায়, এটি আসল হিরে। ওজন ১৪.৯৮ ক্যারাট।
[আরও পড়ুন: বাড়ির নিচেই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিদর্শন, খোঁজ পেয়ে একী করলেন ভারতীয় বংশোদ্ভূত যুবক!]
গত শনিবার নিলামে হিরেটি বিক্রি করেছেন লক্ষ্মণ। পেয়েছেন ৬০.৬ লক্ষ টাকা। কিন্তু এত টাকা দিয়ে কী করবেন? লক্ষ্মণ জানিয়েছেন, কোনও বাজে খরচ নয়। অধিকাংশ টাকাই ফিক্সড ডিপোজিট করবেন। যাতে ভবিষ্যতে তাঁর সন্তানদের পড়াশোনায় কোনও সমস্যা না হয়। ৪৫ বছর বয়সি লক্ষ্মণের কথায়, ‘‘আমি বেশি কিছু করব না। আমি নিজে কোনওদিন পড়াশোনা শিখিনি। আমি এই টাকার বেশিরভাগটাই ফিক্সড ডিপোজিট করব, যাতে ভবিষ্যতে আমার চার সন্তানের পড়াশোনার জন্য যাতে কোনও সমস্যা না হয়।’’ তবে শখপূরণ খানিক করেছেন বইকী তিনি। হিরে বিক্রি করে পাওয়া প্রথম ১ লক্ষ টাকায় নিজের জন্য একটি বাইক কিনেছেন লক্ষ্মণ।
[আরও পড়ুন: বিনা আমন্ত্রণে বিয়েবাড়ির অতিথি হয়ে চুরি, পুলিশের জালে ‘ব্যান্ড বাজা বারাত’ গ্যাং]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য