মাউথওয়াশে দূর করছেন মুখের দুর্গন্ধ! রক্তচাপ বাড়াচ্ছেন না তো?
ঠিক কী বলছেন বিশেষজ্ঞরা?
ইয়েল স্কুল অফ মেডিসিনের কার্ডিওভাসকুলার মেডিসিনের সহযোগী অধ্যাপক ড. জয়েস ওয়েন-শিয়াও এই নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, গবেষণায় দেখা যাচ্ছে, পরপর তিনদিন অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ ব্যবহারের ফলে সিস্টোলিক রক্তচাপ বাড়ছে। আসলে এই ধরনের এই ধরনের মাউথওয়াশগুলো প্রসাধন জাতীয় মাউথওয়াশের চেয়ে বেশি শক্তিশালী। তবে এও দেখা গিয়েছে, দিনে দুই বা তার বেশি ব্যবহারের ক্ষেত্রেই রক্তচাপ বাড়তে দেখা গিয়েছে।
আরও পড়ুন:
অন্যদিকে, ২০২৩ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে, প্রায় ১৯ বছর ধরে মাউথওয়াশ ব্যবহারের পরও হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকিতে তা কোনও প্রভাব ফেলেনি। কিন্তু কেন মাউথওয়াশে রক্তচাপ বাড়ে। রক্তচাপ নিয়ন্ত্রণে মুখের ভেতরের ব্যাকটেরিয়ার ভূমিকার কারণেই এই উদ্বেগের সৃষ্টি হয়েছে। এখানে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়া নাইট্রেটকে নাইট্রাইটে রূপান্তরিত করে। নাইট্রাইট পরবর্তীতে পাকস্থলীতে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। যা রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি যাঁরা উচ্চ রক্তচাপের ওষুধ খান তাঁরা মাউথওয়াশ ব্যবহার করবেন না? বিশেষজ্ঞরা অবশ্য আশ্বস্ত করছেন, মাউথওয়াশ ব্যবহারের ফলে রক্তচাপ বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। তবে অতিরিক্ত ব্যবহারে কিন্তু সমস্যা তৈরি হলেও হতে পারে। তাঁরা বলছেন, দিনে মাত্র একবার মাউথওয়াশ ব্যবহার করা উচিত। যদি চিকিৎসাগত কারণে তা দু'বারের বেশি ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বলে রাখা ভালো, মুখের স্বাস্থ্য বজায় রাখতে মাউথওয়াশের কিন্তু জুড়ি মেলা ভার। অনেকেই বলেন, স্রেফ ব্রাশ করে দাঁত ঠিক রাখা সম্ভব নয়। অনেকেই ফ্লস্ক করেন। সেই সঙ্গেই মাউথওয়াশও ব্যবহার করেন। একটি গবেষণা অনুযায়ী, এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ তাদের দাঁত পরিষ্কারের ক্ষেত্রে মাউথওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলা পছন্দ করেন। কিন্তু কিছু গবেষণায় ক্যান্সারের ঝুঁকি বাড়ার ইঙ্গিতও মেলে।
আরও পড়ুন:
ফলে প্রতিদিন মাউথওয়াশ ব্যবহার করা কি আদৌ নিরাপদ, এই প্রশ্ন এক্ষেত্রেও ওঠে। ‘ওরাল হেলথ ফাউন্ডেশন’-এর শিক্ষাবিদ ক্যারেন কোটস বলছেন, “এমন আশঙ্কার বিষয়গুলোকে সতর্কতার সঙ্গে এবং সামগ্রিক প্রমাণের নিরিখেই বিবেচনা করা উচিত।” অর্থাৎ সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তবে উচ্চ রক্তচাপ থাকলে একবারের বেশি মাউথওয়াশ ব্যবহার না করাই ভালো, মনে করছেন বহু বিশেষজ্ঞই।