বিশ্বকাপে বেপরোয়া ভালোবাসা! ডেটিং অ্যাপে বাড়ছে প্রেম, ম্যাচের ফাঁকেই সঙ্গী খুঁজে পেলেন ৬০%
বিশ্বকাপ যেন প্রেমের মরশুম হয়ে উঠেছে। ৪৮ দেশের যুযুধান লড়াইয়ের মধ্যেই মনের মানুষ খুঁজে নিচ্ছেন গোটা বিশ্বের সিঙ্গেলকুল।
আপাতত বিশ্বকাপে চলছে নকআউট পর্ব। একটা ভুলেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। অন্যদিকে একটা চালেই খেলা ঘুরিয়ে দিচ্ছে কোনও দল। ঠিক তেমনটাই ঘটছে প্রেমের ময়দানেও। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের সময়ে ডেটিং অ্যাপ টিন্ডার ব্যবহারকারীর সংখ্যা অন্তত ১৫ শতাংশ বেড়েছে। গত বছরের তুলনায় অনেকখানি বেড়েছে টিন্ডার ব্যবহারকারীর সংখ্যা।
আরও পড়ুন:
টিন্ডারে সোয়াইপের সংখ্যাও গত বছরের থেকে ২৫ শতাংশ বেড়েছে। আসলে বিশ্বকাপ উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা ভিড় জমিয়েছেন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। স্থানীয় জনতার সঙ্গে বিদেশি দর্শকদের মেলবন্ধনের মঞ্চ হয়ে উঠছে এই ডেটিং অ্যাপগুলি। অন্তত ৪৭ শতাংশ বিদেশি ফুটবলপ্রেমী বিশ্বকাপ দেখতে গিয়ে এই অ্যাপগুলি ব্যবহার করছেন।
আরও পড়ুন:
কেবল বিদেশিরা নন, আয়োজক দেশের নাগরিকরাও বিশ্বকাপের সময়ে খুঁজে পাচ্ছেন মনের মানুষ। ১৬টি শহরে খেলা হচ্ছে বিশ্বকাপ। সেখানকার জনতার মধ্যে টিন্ডার ব্যবহারের সংখ্যা বেড়েছে ২২ শতাংশ। অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন কিছুটা কম হলেও, টিন্ডারের ব্যবহার বন্ধ হয়নি। জানা গিয়েছে, নিউ ইয়র্ক, নিউ জার্সি, লস অ্যাঞ্জেলস এবং মায়ামিতে সবচেয়ে বেশি বিদেশি দর্শকরা টিন্ডার ব্যবহার করেছেন।
বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বকাপ উপলক্ষে কার্যত ছুটির মেজাজে রয়েছেন ফুটবলপ্রেমীরা। ফলে হালকা মনে অনেকটা সময় নিয়ে তাঁরা টিন্ডার ব্যবহার করছেন। রাইট সোয়াইপ করতে বা ডেটিং অ্যাপে নিজের পছন্দ অপছন্দ প্রকাশ করার আগে সাতপাঁচ ভাবছেন না। সেকারণেই প্রোফাইল ম্যাচের সংখ্যা এবং টিন্ডার ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে মেগা টুর্নামেন্ট চলাকালীন।