ফুটবল বিশ্বকাপের জার্সিতে আপনার প্রিয় পোষ্য! সংস্থার অভিনব প্রচারের নেপথ্য কারণ কী?
এবার আদরের পোষ্যকে প্রিয় দলের জার্সি পরিয়েই একসঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেন!
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী অ্যাডিডাস বাজারে এনেছে বিশেষ ‘পেট কালেকশন’। বিড়াল ও কুকুরের জন্য তৈরি এই আকর্ষণীয় জার্সিগুলি ইতিমধ্যেই ফুটবলপ্রেমী ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। অনেকেই এখন ভাবছেন, প্রিয় দলের জার্সি পরিয়ে আদরের পোষ্যের সঙ্গে একসঙ্গে বিশ্বকাপ উপভোগ করবেন। অভিনব এই উদ্যোগ বিশ্বকাপের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে পোষ্যপ্রেমীদের কাছে।
আরও পড়ুন:
তবে শুরুতেই সব দেশের জার্সি নয়, আপাতত বিশেষ এই কালেকশনের জন্য বেছে নেওয়া হয়েছে মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং জাপানকে। প্রতিটি জার্সিতেই ধরা পড়েছে সেই দেশের ফুটবল সংস্কৃতির ছোঁয়া। কোথাও উজ্জ্বল রঙের ঝলক, কোথাও আবার ঐতিহ্যবাহী নকশার ছাপ। আর্জেন্টিনার আকাশি-সাদা, জাপানের সিগনেচার নীল, মেক্সিকোর প্রাণবন্ত সবুজ কিংবা কলম্বিয়ার উজ্জ্বল হলুদ, সব মিলিয়ে আদুরে পোষ্যদের জন্যও তৈরি হয়েছে জার্সি।
আরও পড়ুন:
এর আগেও পোষ্যদের জন্য বিশেষ ট্র্যাকস্যুট এনেছিল অ্যাডিডাস। চলতি বছরের ফেব্রুয়ারিতে চিনা নববর্ষ উপলক্ষেও তারা আলাদা পেট কালেকশন প্রকাশ করেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নতুন ‘পেট কালেকশন’ বাজারে আনছে সংস্থাটি। বিড়াল ও কুকুরের জন্য তৈরি এই বিশেষ সিরিজ ইতিমধ্যেই নজর কেড়েছে ফুটবল ও পোষ্যপ্রেমীদের।
এই ধরনের উদ্যোগই বারবার সাফল্য এনে দিচ্ছে অ্যাডিডাসকে। ২০২৫ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, সংস্থার মোট বিক্রি প্রায় ২৯.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। জুতোর বিক্রি বেড়েছে ১২ শতাংশ। পোশাকের বিক্রিতেও হয়েছে উল্লেখযোগ্য বৃদ্ধি। শুধু পোষ্যদের জার্সি দিয়ে বড় পরিবর্তন না এলেও, নতুন নতুন ভাবনায় ব্র্যান্ডকে আরও জনপ্রিয় করে তুলতেই এই পথে হাঁটছে অ্যাডিডাস।