রোম্যান্টিক ট্রিপে হার্দিক-মাহিকা, ঈশ্বর শরণে অভিষেকরা, বিশ্বজয়ের পর ভারতীয় তারকারা কে কোথায়?
সাদা বলের ক্রিকেটে ভারতের একাধিপত্যের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব।
সঞ্জু স্যামসন: বিশ্বকাপ জয়ের পর ছুটির মেজাজে ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। টুর্নামেন্ট শেষে তিনি ফিরে গিয়েছেন নিজ শহর তিরুঅনন্তপুরমে। পরিবারের সঙ্গে সময় কাটিয়েই আপাতত বিশ্রামের দিনগুলি উপভোগ করছেন সঞ্জু। বিশ্বকাপ জয়ের পর বাড়ি ফেরার মুহূর্তের আবেগঘন দৃশ্য তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ব্যস্ত ক্রিকেট সূচির মাঝে এই সংক্ষিপ্ত বিরতিতে পারিবারিক উষ্ণতায় কাটছে সঞ্জুর অবকাশের দিন।
আরও পড়ুন:
অভিষেক শর্মা: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও তাজা। সেই আনন্দ নিয়েই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা পৌঁছে গেলেন জম্মু-কাশ্মীরের পবিত্র তীর্থ বৈষ্ণো দেবী মন্দিরে। পাহাড়ের কোলে দেবীর দরবারে প্রার্থনা করেন তিনি। সেই মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়ে লিখলেন, 'জয় মাতা দি।' বিশ্বকাপ জয়ের পর এই সফর যেন তাঁর কাছে কেবল ভ্রমণ নয়, বিশ্বাস আর ভক্তির নীরব স্বীকারোক্তি।
ঈশান কিষান: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এখন বিশ্রামের মুডে ঈশান। চ্যাম্পিয়ন হয়ে তিনি ফিরে গিয়েছেন নিজের শহর পাটনায়। বিমানবন্দরে তাঁকে ঘিরে ভক্তদের উপস্থিতিতে তৈরি হয়েছিল উৎসবের আবহ। বিশ্বকাপ জয়ের আনন্দ পরিবারের সঙ্গেই ভাগ করে নিচ্ছেন এই তরুণ ক্রিকেটার। আপাতত ব্যস্ত ক্রিকেট সূচি থেকে দূরে থাকলেও ক'দিন পরেই নেমে পড়বেন আইপিএলে।
সূর্যকুমার যাদব: বিশ্বজয়ের রাতেই ভারত অধিনায়ক চলে যান আহমেদাবাদের হনুমান টেকরি মন্দিরে। সঙ্গে ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তাঁরা প্রার্থনা করেন। সোমবার গান্ধীনগরের আদালজ নি বা বাওড়িতে ট্রফি নিয়ে ফটোশুট করেন। মঙ্গলবার ফেরেন নিজ শহর মুম্বইয়ে। সমর্থকদের অভ্যর্থনা পান। এখন পরিবারের সঙ্গে রয়েছেন। তাঁর মতে, কঠিন টুর্নামেন্টের পর সামান্য বিরতি খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা রাখতে সাহায্য করে।
আরও পড়ুন:
হার্দিক পাণ্ডিয়া: মাঠে এখন তাঁর ছায়াসঙ্গী মাহিকা শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মাঠেই হার্দিককে চুমু খেয়েছিলেন মাহিকা। এখন আর শুধু বান্ধবী নন। মাহিকা এখন তাঁর ‘স্ত্রী’। ফাইনালের পর মাঠেই তাঁকে ‘মিসেস’-এর মর্যাদা দেন ভারতীয় অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর মাহিকাকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে ফিরেছেন হার্দিক। সম্প্রতি তাঁকে সমুদ্রসৈকতে ছুটি কাটাতে দেখা গেলেও তিনি ঠিক কোথায় আছেন, তা অবশ্য জানা যায়নি।
তিলক বর্মা: বিশ্বকাপের পর পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তবে এবার আলোচনায় ভারতীয় ক্রিকেটারের নতুন স্টাইল। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর পোস্ট ভাইরাল হয়েছে। সাদা ডেনিম ভেস্টে তাঁকে ক্যাজুয়াল লুকে দেখে দেখে ভক্তরা মুগ্ধ। তাঁর হাতের ট্যাটু নজর কাড়ে। অনেকেই বলছেন, ধীরে ধীরে 'স্টাইল আইকন' হয়ে উঠছেন এই তরুণ তুর্কি।
শিবম দুবে: বিশ্বজয়ের পর বাড়ি ফিরেছেন ট্রেনে চেপে। বাড়ি ফিরে সন্তানদের সঙ্গে দেখা করার তর সইছিল না। তাই ট্রেনেই ফেরেন ছদ্মবেশে। টুপি ও মাস্ক পরেছিলেন। ফুল হাতা টি-শার্ট পরা ছিল। ভোরবেলা আহমেদাবাদ-মুম্বই সায়াজি এক্সপ্রেসের থার্ড এসিতে চড়ে মুম্বইয়ের আন্ধেরির বাড়ি ফেরেন। ফিরে 'আসল নায়ক' বাবাকে বিশ্বজয়ের মেডেল পরিয়ে দেন। আইপিএলের আগে পরিবারের সঙ্গেই রয়েছেন দুবে।
অর্শদীপ সিং: ঐতিহাসিক জয়ের পর মোহালিতে বাড়ি ফিরেছেন ভারতীয় পেসার। দীর্ঘ টুর্নামেন্টের চাপ কাটিয়ে এবার পরিবারের সঙ্গে সময় কাটাতেই এই সফর। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণ বাঁহাতি পেসারকে ঘিরে উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। প্রিয় ক্রিকেটারের প্রত্যাবর্তনে পরিবারের পাশাপাশি অনুরাগীরাও ছিলেন। তাঁকে দেখে সমর্থকদের মধ্যে আনন্দের বাঁধ ভাঙে।
বরুণ চক্রবর্তী: বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে যখন দেশের ক্রিকেটাররা ছুটির মেজাজে, তখন বরুণ চক্রবর্তীর পথ যেন অন্য সুরে বাঁধা। কোলাহল থেকে দূরে তিনি পৌঁছে যান তামিলনাড়ুর তিরুভন্নামালাইয়ে। সতীর্থ ওয়াশিংটন সুন্দরের সঙ্গে অরুণাচল পাহাড় ঘিরে প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ ‘গিরিভালম’ পদযাত্রা করেন ভারতীয় স্পিনার। শিরোপা জয়ের পর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে অরুলমিগু অন্নামালাইয়ার মন্দিরে প্রার্থনা করেন। স্থানীয় দোকানে কেনাকাটা করতেও দেখা যায় বরুণকে।
জশপ্রীত বুমরাহ: আগামী বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তাঁর পাখির চোখ এখন ওয়ানডে বিশ্বকাপে দিকে মনোনিবেশ করছেন। সেই কাঙ্ক্ষিত সাফল্যের জন্য ‘বুমরাস্ত্র’ দরকার। ওয়ার্কলোড কমাতে তিনি টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে ও টেস্টে বেশি মনোযোগ দেবেন। কম টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলবেন। আইপিএলের আগে এখন তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।