‘ভারতের নেইমার’, হিংসার মণিপুর থেকে উঠে আসা খুদের পা জাদুতে মোহিত দেশবাসী
বয়স এখন ১২। কিন্তু ফুটবল দক্ষতায় ব্রাজিলীয় মহাতারকার চেয়ে কোনও অংশে কম নয় এই খুদে।
কে এই ভারতের নেইমার? তার পোশাকি নাম থাংসাংলেন কিপগেন। বয়স এখন ১২। কিন্তু ফুটবল দক্ষতায় ব্রাজিলীয় মহাতারকার চেয়ে কোনও অংশে কম নয় এই খুদে। আচমকা গতি বাড়িয়ে প্রতিপক্ষের দুর্গে হানা দেয় সে। ঠিক কোন জায়গাটায় ঢুকে পড়লে গোলের একেবার কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে, সেটা চিনতে এতটুকু ভুল হয় না তার। ড্রিবল করে প্রতিপক্ষকে কাটিয়ে দিতেও তার জুড়ি মেলা ভার।
আরও পড়ুন:
এই থাংসাংলেন কিপগেনের জন্ম মণিপুর। সাম্প্রতিক অতীতে একাধিকবার জাতিসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের এই রাজ্য। সবচেয়ে বেশি হিংসাত্মক জেলার তালিকায় রয়েছে কাংপোকপি। সেখানেই জন্ম থাংসাংলেনের। প্রতিকূল পরিস্থিতিতেও ফুটবল খেলে গিয়েছে এই ছোট্ট ছেলেটি। এনজিও পরিচালিত নানা প্রতিযোগিতায় খেলে ফুটবলে তার হাতেখড়ি। লাইফবোট ক্লাব নামে একটি দলে খেলতে শুরু করে সে।
ওই ক্লাবে খেলতে খেলতেই মিনার্ভা অ্যাকাডেমির নজরে পড়ে থাংলাংলেন। মণিপুর থেকে পাঞ্জাব পাড়ি দেয় খুদে ফুটবলার। মোহালির মিনার্ভা অ্যাকাডেমিতে শুরু হয় 'ভারতীয় নেইমার' হয়ে ওঠার যাত্রা। তার নাম হয় 'লিটল জুনিয়র'। মিনার্ভার অ্যাকাডেমিতে খেলে আন্তর্জাতিক পর্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করেছে এই খুদে। দলের অধিনায়কও হয়েছে। তারপর বিশ্বকাপ চলাকালীনই আলোচনার তুঙ্গে উঠে এসেছে সে।
মাসদুয়েক আগে জোড়া টুর্নামেন্ট খেলতে ইউরোপে পাড়ি দেয় মিনার্ভা। সেখান থেকেই প্রচারের আলোয় উঠে আসে লিটল জুনিয়র। প্রথমে হেলসিঙ্কি কাপ খেলতে ফিনল্যান্ডে পাড়ি দিয়েছিল এই যুব অ্যাকাডেমি। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে গোলের মালা পরিয়েছে মিনার্ভা। তার মধ্যে ১৭টি গোলই আসে লিটল জুনিয়রের পা থেকে। ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন এইচজেকে-কে ১-০ গোলে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসাবে হেলসিঙ্কি কাপ জেতে মিনার্ভা।
আরও পড়ুন:
তারপর সুইডেনের মাটিতে গোথিয়া কাপ। সেখানেও গোলের বন্যা অব্যাহত কিপগেনের। গোটা টুর্নামেন্টে ১৮টি গোল করেছে বছর বারোর এই খুদে। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাবও জিতেছে সে। এই গোথিয়া কাপের পর থেকেই কিপগেনকে ভারতের নেইমার বলে ডাকছে ফুটবলমহল। ফিনিশ করার দক্ষতা থেকে আক্রমণ তৈরি-কিপগেনের ফুটবলে অনেকেই খুঁজে পেয়েছেন নেইমারের ছায়া ছোট্ট এই ছেলের ম্যাচের নানা মুহূর্ত নেটদুনিয়ায় ভাইরাল।
চলতি বছর ভারতীয় ফুটবলের মুখ উজ্জ্বল করেছে মিনার্ভা অ্যাকাডেমি। অনূর্ধ্ব-১২ দল গোথিয়া কাপের ফাইনালে ব্রাজিলের আরএস স্পোর্টস ইয়েলোকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি কাপও জিতেছে। অল্প সময়ের ব্যবধানে ইউরোপের দু’টি বড় টুর্নামেন্টের শিরোপা জিতে ভারতীয় ফুটবলের মুখোজ্জ্বল করেছে মিনার্ভার খুদে ফুটবলাররা। এই সাফল্যের নেপথ্যে অন্যতম কারিগর লিটল জুনিয়র।
গত দু’বছরে ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক যুব প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য পেয়েছে মিনার্ভা। নরওয়ে কাপ ও ডানা কাপ জয়ের পাশাপাশি চলতি বছর মেডিটেরেনিয়ান ইন্টারন্যাশনাল কাপে লিভারপুলের অনূর্ধ্ব-১৫ দলকে ৬-০ গোলে হারিয়েও নজর কেড়েছিল তারা। ইউরোপের মাটিতে একের পর এক ট্রফি জিতে মিনার্ভা অ্যাকাডেমিকে ভারতীয় যুব ফুটবলের মুখ বললে অত্যুক্তি হবে না।