বাবলু-গুড্ডুকে টেক্কা দিয়ে টাকার গদিতে ‘কালীন ভাইয়া’ পঙ্কজ, চর্চায় ‘মির্জাপুর’ তারকাদের পারিশ্রমিক
ওটিটির গণ্ডি পেরিয়ে এবার বড়পর্দায় ‘মির্জাপুর’। তারকাদের গগনচুম্বী পারিশ্রমিক। কার ক্যাশবাক্সে কত কোটি ঢুকল?
'মির্জাপুর' মানেই কালীন ভাইয়ার দাপট। যে চরিত্রে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। খবর, বাকি তারকাদের টেক্কা দিয়ে নাকি সিনেমার জন্য একাই গগনচুম্বী পারিশ্রমিক হাঁকিয়েছেন অভিনেতা। এমনকী লক্ষ্মীলাভের নীরিখে টেক্কা দিয়েছেন হলিউড ফেরত আলি ফজলকেও। শোনা যাচ্ছে, কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য পঙ্কজ নাকি ১৫ কোটি টাকা নিয়েছেন।
আরও পড়ুন:
অন্যদিকে এবার বাবলু পণ্ডিতের চরিত্রে বড়সড় রদবদল। কারণ এযাবৎকাল 'মির্জাপুর' সিরিজে সংশ্লিষ্ট চরিত্রে বিক্রান্ত মাসে অভিনয় করলেও এবার বাবলুর ভূমিকায় দেখা যাবে 'পঞ্চায়েত' সিরিজ খ্যাত জিতেন্দ্র কুমারকে। এই ছবিতে অভিনয়ের জন্য 'যাদবজি' দেড় কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন। দ্বৈত চরিত্রে দর্শকদের নজর কেড়েছিলেন বিজয় ভার্মা। সিনেমার জন্য তিনি নাকি জিতেন্দ্রকে টেক্কা দিয়েছেন পারিশ্রমিকের নীরিখে। পেয়েছেন ২.৫ কোটি টাকা।
আরও পড়ুন:
'মির্জাপুর: দ্য মুভি'তে এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন ভোজপুরী সুপারস্টার তথা বিজেপির তারকা সাংসদ রবি কিষান। ট্রেলার প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই তাঁকে ঘিরে কৌতূহল দানা বেঁধেছে দর্শকমনে। বর্তমানে আবার তিনি সোশাল পাড়াতেও বেশ ট্রেন্ডিং। মুখ খুললেই মিম তৈরি হচ্ছে। ফিসফাস, এই ছবিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা নিয়েছেন রবি কিষান।
‘ফ্লিকঅনক্লিক’-এর এক বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে, এক্সেল এন্টারটেইনমেন্ট ও অ্যামাজন এমজিএম স্টুডিওসের যৌথ প্রযোজনায় এই হাইভোল্টেজ অ্যাকশন-ড্রামা তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ২৫০ কোটি টাকা। যদিও প্রযোজনা সংস্থার তরফ থেকে তারকাদের এই পারিশ্রমিক কিংবা পুরো বাজেটের নির্দিষ্ট অঙ্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি, তবে এসব খবর কি আর ধামাচাপা থাকে?