দেশের বিভিন্ন মন্দিরের পুজোর নিয়ম আচার বিভিন্ন। তা দেখতেই ফি বছর ভক্তের ঢল নামে। মানুষ বিস্ময়ে হতবাক হয়ে দেখে ঈশ্বরের লীলা। এই তালিকায় অন্যতম হিমাচল প্রদেশের সোলান জেলার আরকির পাহাড়ে অবস্থিত লুতরু মহাদেব মন্দির (Himachal Shiva Temple)। এক আশ্চর্য রীতিই এই মন্দিরকে করে তুলেছে অনন্য। মনে করা হয়, এই মন্দিরে মহাদেব নাকি ধূমপান করেন! ভগবানকে তুষ্ট করতে জ্বলন্ত বিড়ি-সিগারেট অর্পণ করেন ভক্তেরা!
আরও পড়ুন:
শুনে চমকে যাবেন, এমনটাই স্বাভাবিক। হিমাচল প্রদেশের শান্ত, সবুজ গাছপালায় ঘেরা পাহাড়ের বুকে অবস্থান এই মন্দিরটির। লুতরু মহাদেব মন্দিরের ইতিহাস বেশ পুরনো। স্থানীয় তথ্য ও কিংবদন্তি অনুসারে, ১৬২১ খ্রিস্টাব্দে তৎকালীন বাঘল রাজ্যের রাজা পৃথ্বী সিংহ এই মন্দির নির্মাণ করেছিলেন। আলাদা করে কোনও পাথরের শিবলিঙ্গ বসানো হয়নি এখানে, বরং পাহাড়ের গায়েরই এক অংশ শিবলিঙ্গের আকার ধারণ করেছে। এই পাথরটির বিশেষত্ব হল, তার গায়ে সরু পাইপের মতো একাধিক ফাঁপা খাঁজ ও ছিদ্র রয়েছে।
কিন্তু সব ছেড়ে যেন ধূমপায়ী হলেন দেবতা? মনে করা হয়, মন্দিরের প্রাচীন ইতিহাসের তুলনায় অপেক্ষাকৃত নতুন এই বিড়ি-সিগারেট প্রদানের রীতি। কথিত আছে, কোনও এক স্থানীয় রাখাল বা সাধু উপাসনাকালে, শিবলিঙ্গের গায়ে থাকা প্রাকৃতিক খাঁজের মধ্যে একটি জ্বলন্ত বিড়ি বা সিগারেট রেখে দিয়েছিলেন। সকলকে অবাক করে দিয়ে, সেটি নিভে যাওয়ার পরিবর্তে আরও উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে, যেন পাথরের খাঁজের ভিতর থেকে বেরিয়ে আসে বায়ু। এই ঘটনা থেকেই ভক্তদের মধ্যে নতুন বিশ্বাস জন্ম নেয়।
সময়ের সঙ্গে নানা স্থানীয় বিশ্বাস ও লোককথা জড়িয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে। কেউ বলেন, ইশ্বরকে সিগারেট নিবেদন যথেষ্ট অস্বাভাবিক হলেও আদতে তা ভক্তের নির্মল মনের প্রকাশ। ভোলেনাথ বরাবরই মুক্ত মনে গ্রহণ করেন ভক্তের নিবেদন, তাই এতে তাঁর আপত্তি নেই কোনও। কেউ কেউ মনে করেন, জ্বলন্ত বিড়ি-সিগারেট দানের মাধ্যমে নিজেদের খারাপ অভ্যাস, নেতিবাচক চিন্তা কিংবা পার্থিব চাহিদা শিবের কাছে সমর্পণ করা হয়।
আজও বহু ভক্ত ও পর্যটক এই মন্দিরে আসেন এই ব্যতিক্রমী রীতি দেখার জন্য। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, মনস্কামনা পূরণ, মানসিক শান্তি ও নানা সমস্যা থেকে মুক্তির আশায় তারা এখানে সিগারেট বা বিড়ি নিবেদন করেন। ধর্মীয় বিশ্বাস, পাহাড়ি লোককথা ও প্রাকৃতিক গঠনের এক অদ্ভুত মেলবন্ধন লুতরু মহাদেব মন্দির। প্রচলিত শিবপুজোর ধারার বাইরে এই অনন্য রীতিই হিমাচলের এই মন্দিরকে জনসাধারণের কৌতূহলের কেন্দ্র করে তুলেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যাম্পাসে বন্দে মাতরম যাত্রা এবিভিপির, বাইরে মিছিল এসএফআইয়ের! ফের তপ্ত যাদবপুর
-
মাতৃভাষাকে ভালোবেসে! বাংলায় সর্বোচ্চ নম্বরপ্রাপকদের বৃত্তিতে স্কুলে ১ লক্ষ দান প্রাক্তন শিক্ষিকার
-
জলরাক্ষসের আঘাতে এখনও বিধ্বস্ত নেপাল! এর মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
-
চিন আটকে নেই যন্ত্রমানবে, শিল্পায়নে রোবট বিপ্লবের চেনা ছক বদলে দিচ্ছে বেজিং
-
মোদির পোস্টার বিতর্কে রক্ষাকবচ মিললেও শ্রীলেখাকে ভর্ৎসনা হাই কোর্টের, কী বললেন বিচারপতি?

