Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ranji Trophy

রনজিতে প্রতিপক্ষ বিশ্বজয়ী হেডস্যর, অন্ধ্রের বিরুদ্ধে নামার আগে মাথা ঘামাতে নারাজ বাংলা

প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলা। দলের ফোকাস পুরোটাই নিজেদের উপর। মঙ্গলবার থেকেই পুরোদমে অনুশীলনে নেমে পড়েছে বাংলা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৫:৫৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৫:৫৭

options
link
রনজিতে প্রতিপক্ষ বিশ্বজয়ী হেডস্যর, অন্ধ্রের বিরুদ্ধে নামার আগে মাথা ঘামাতে নারাজ বাংলা zoom
নিউজিল্যান্ডের কোচ ছিলেন গ্যারি স্টেড। ফাইল ছবি।

বিশ্ব ক্রিকেটে গ্যারি স্টেডের নাম বেশ চেনা। ভারতীয় ক্রিকেট অনুরাগীদের কাছেও অচেনা নয়। বছর পাঁচেক আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল টিম ইন্ডিয়ার। সেই ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কোচ ছিলেন বছর পঞ্চান্নর ভদ্রলোক। ২০১৮ সাল থেকে টানা সাত বছর কোচিং করিয়েছেন কিউয়ি জাতীয় দলকে। বুধবার দুপুরে সেই স্টেডের দেখা পাওয়া গেল কল্যাণীতে, বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে।

স্টেডের মতো বিশ্বজয়ী কোচ হঠাৎ কল্যাণীতে কেন? আসলে নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর তিনি এখন অন্ধ্রপ্রদেশের হেডস্যর। বাংলার বিরুদ্ধে রনজি কোয়ার্টার ফাইনাল খেলতে দলের সঙ্গে কল্যাণী এসেছেন প্রাক্তন কিউয়ি ব্যাটার। বুধবার থেকে কল্যাণীতে নকআউটের চূড়ান্ত প্রস্তুতি শুরু করল অন্ধ্র। দলের নেটে সদাব্যস্ত ভূমিকায় পাওয়া গেল স্টেডকে। কখনও ছুটছেন মাঠে, উইকেট পরীক্ষা করতে। আবার কখনও নজর নেটে। দলের প্রত্যেককে পরামর্শ দিচ্ছিলেন। হাতেকলমে দেখিয়ে দিচ্ছিলেন কোন শট কীভাবে খেলতে হবে। এমনিতে শেষ তিন বাংলা বনাম অন্ধ্র ম্যাচের নিষ্পত্তি হয়নি। এরমধ্যে দু’বার প্রথম ইনিংসে লিড পেয়েছে অন্ধ্র, বাংলা এগিয়ে থেকেছে একবার। এবার কেএস ভরত, রিকি ভুই, সাইক রশিদ, নীতীশ কুমার রেড্ডির মতো চেনা মুখ রয়েছে অন্ধ্রের দলে। তাঁদের সঙ্গে স্টেডের উপস্থিতি যে বাংলার চ্যালেঞ্জ আরও কঠিন করবে, বলাই বাহুল্য। 

Advertisement

তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলা। দলের ফোকাস পুরোটাই নিজেদের উপর। মঙ্গলবার থেকেই পুরোদমে অনুশীলনে নেমে পড়েছে বাংলা। কল্যাণীর চেনা পরিবেশ কাজে লাগাতে মরিয়া কোচ লক্ষ্মীরতন শুক্লার দল। এমাঠে শেষ ম্যাচে পাঁচশোর বেশি রান তুলেছে বঙ্গ ব্যাটিং। সুদীপ চট্টোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরণ, শাকির হাবিব গান্ধীরা ভালো ফর্মে আছেন। মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমাররাও ছন্দে। ব্যাটে-বলে সমান কার্যকরী ভূমিকা নিচ্ছেন শাহবাজ আহমেদও। এবার শুধু গ্রুপে না, রনজির সব দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে নকআউটে উঠেছে বাংলা। সেটাই আত্মবিশ্বাসী করছে দলকে।

তবে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক অভিমন্যু বুধবার যেমন বাকি দলের অনুশীলন শেষ হওয়ার পরও নেটে নকিং চালিয়ে গেলেন। কোচ লক্ষ্মীরতনকে আবার দেখা গেল উইকেটকিপার-ব্যাটার শাকিরের উপর বাড়তি নজর দিতে। অন্ধপ্রদেশ আবার ভুগল হোটেল নিয়ে। অ্যাওয়ে ম্যাচ খেলতে এসে তারা নিজেরাই প্রথম হোটেল বুক করে। তবে কল্যাণীতে ম্যাচ খেলার জন্য তারা হোটেল নেয় নিউটাউনে। এদিন অনুশীলনে এসে ভুল বুঝতে পেরেই সমস্যা মেটাতে উদ্যোগী হয় তারা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.