সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএল অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। আগামী মরশুমের প্রস্তুতিও নিচ্ছে তারা। যার নেতৃত্বে সেই মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মরশুমের মাঝপথে অধিনায়ক হয়েও দলের ভাগ্য বদলাতে পারেননি। ফর্মও অনেকটাই ফিকে। সব দিক বিচার করে তাঁর প্রাক্তন সতীর্থ যোগিন্দর শর্মা বলছেন, ধোনির এবার বিশ্রাম দরকার।
আইপিএলের (IPL 2025) শুরুতে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়ার। কিন্তু চোটের জন্য ছিটকে যান তিনি। অগত্যা ভরসা কে? সেই ৪৩-র বছরের ‘চিরতরুণ’-এর কাঁধেই আসে দায়িত্ব। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগের সবার শেষে তারা। আর ধোনির রান ১২ ম্যাচে ১৮০। ফিনিশারসুলভ ব্যাটিংয়ের ঝলক দেখা গেলেও, পুরনো ফর্মের দেখা মেলেনি।
এই নিয়ে যোগিন্দর শর্মা (Joginder Sharma) বলছেন, “মাহির ফিটনেসের অবস্থা দেখে মনে হয়, ওর এখন ফিটনেস নিয়ে কাজ করা উচিত। কিন্তু আমার মতে ওর বিশ্রাম দরকার।” যদিও বিশ্রাম বলতে তিনি পুরোপুরি অবসরের কথা বলছেন, নাকি সাময়িক বিশ্রামের কথা বলছেন, সেটা পরিষ্কার নয়। উল্লেখ্য, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের শেষ ওভারের নায়ক ছিলেন যোগিন্দর। পরে চেন্নাইয়ের জার্সিতেও খেলেছেন।
তবে ধোনি মনে হয় না এই ‘পরামর্শ’ কানে তুলবেন। এর আগে তিনি নিজেই বলেছিলেন, “এই আইপিএল শেষ হলে, আমাকে আরও পরিশ্রম করতে হবে। পরের ৬-৮ মাসে দেখতে হবে, আমার শরীর চাপ নিতে পারে কি না। ফলে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না।” আইপিএলে প্লে অফে উঠতে না পারলেও এখনও দুটি ম্যাচ বাকি আছে চেন্নাইয়ের। মঙ্গলবার তারা নামবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তাদের শেষ ম্যাচ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে।
সর্বশেষ খবর
-
কেন আইএসএফের প্রতীক খাম হাতছাড়া? কমিশনের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
-
মেরুকরণ হলেই সম্ভব! উত্তরপ্রদেশের ছকে রেজিনগর জয়ের অঙ্ক বিজেপির
-
বেড়াতে গিয়ে প্রথম দেখাতেই প্রেম! কেন বাড়ছে ‘ওয়ান্ডারলাভ ডেটিং’য়ের প্রবণতা
-
এনসিপিআই হোয়াটসঅ্যাপ গ্রুপে কুণাল! ‘স্ক্রিনশট নিয়েছি’, বোমা তৃণমূল বিধায়কের
-
সারা বছর ফিট, পুজোর ডায়েট প্ল্যানে ‘বেহিসেবি’ হতে চান ফেলুদা ‘টোটা’!