সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই হয়তো বলে ‘বাপ কা বেটা’। মাত্র ২ মাসের ব্যবধানে জোড়া ডবল সেঞ্চুরি। একই সঙ্গে সফল বল হাতেও। তাও আবার মাত্র ১৪ বছর বয়সে। কথা হচ্ছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)ছেলে সমিত দ্রাবিড়ের। সেই ছোট্ট বেলা থেকেই যার ব্যাটিং প্রতিভা চমকৃত করেছে ক্রিকেট মহলকে। ব্যাট হাতে তার কীর্তি ইতিমধ্যেই বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে। আরও একবার সমিতের ব্যাটে রানের পাহাড়। স্কুলস্তরের ক্রিকেটে ফের ডবল সেঞ্চুরির মালিক হল সে।
অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে নিজের স্কুল মালিয়া অদিতি ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্ব করে নতুন কীর্তি স্থাপন করেছে সমিত। বিটিআর শিল্ডে গ্রুপ ওয়ানের ম্যাচে ডবল সেঞ্চুরি করে সমিত। মাত্র ১৪৪ বলে দ্বিশতরানে পৌঁছে যায় সে। ২১১ রানের ইনিংসে ৩৩টি বাউন্ডারি হাঁকিয়েছে এই কিশোর। শ্রী কুমারণ স্কুলের বিরুদ্ধে ম্যাচে বোলিং করে শমিত দুটি উইকেটও পায়। এই প্রথম নয়, এর আগেও একবার ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে সমিত। ডিসেম্বরেই কর্ণাটক স্টেট ইন্টার জোনের অনুর্ধ্ব-১৪ ম্যাচে মাত্র ২৬৫ বলে ২০১ রানের ইনিংস খেলেছে সে। হাঁকিয়েছিল ২২টি বাউন্ডারি। অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে সে ভাইস-প্রেসিডেন্ট একাদশের অধিনায়কত্বও সমিতই করেছিল। এর আগে অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টে খেলার সময়ও সে রীতিমতো চমকপ্রদ পারফরম্যান্স দেখায়।
[আরও পড়ুন: ২০ বছরের সেরা মুহূর্ত! সম্মানিত ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের এই ছবি]
শচীন তেণ্ডুলকরের ছেলে অর্জুন ছোট থেকে যতটা খবরের শিরোনামে থেকেছেন, তার তুলনায় সমিত অনেকটাই আড়ালে ছিল। সেভাবে খবরের আলো না পৌঁছালেও নীরবে নিজের কাজ করে গিয়েছে সমিত। বারবার তার ব্যাট থেকে এসেছে রান। এই মুহূর্তে স্কুল ক্রিকেটে দেশের অন্যতম সেরা প্রতিভা সমিত দ্রাবিড়। মাত্র ১৪ বছর বয়সেই বাবার ছায়া থেকে অনেকটা বেরিয়ে এসেছে সে। বাবার মতোই নিখুঁত টেকনিক, এবং অদম্য মানসিকতার পাশাপাশি ধীরস্থির কিন্তু আগ্রাসী মনোভাব সমিতের খেলাকে অন্যমাত্রা দিচ্ছে।
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের
