Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

T20 World Cup: আফ্রিদির আগুনে বোলিং, বিরাটের ইনিংসে লড়াইয়ে থাকল ভারত

কঠিন পরিস্থিতিতে ৫৭ রানের ইনিংস খেললেন অধিনায়ক কোহলি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২১, ২২:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২১, ২২:১০

options
link
T20 World Cup: আফ্রিদির আগুনে বোলিং, বিরাটের ইনিংসে লড়াইয়ে থাকল ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক পেসার শাহিন আফ্রিদির (Shaheen Afridi) শুরুর ছোবল সামলে ২০ ওভারে ভারত করল ৭ উইকেটে ১৫১ রান। ভারত-পাকিস্তানের (India vs Pakistan) বিস্ফোরক ম্যাচের বল গড়ানোর আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা শাহিন আফ্রিদিকে তুরুপের তাস বলছিলেন। তাঁরা যে ভুল কিছু বলেননি তার প্রমাণ দিলেন বাঁ হাতি পাক পেসার। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। আর অধিনায়কের মুখে শুরুতেই হাসি ফোটালেন শাহিন আফ্রিদি। আগেই স্থির করেছিলেন ভারতের ইনিংসে শুরুতেই আঘাত করবেন তিনি। সেটাই করলেন আফ্রিদি। দুবাইয়ের পিচে বলকে কথা বলালেন বাঁ হাতি পাক পেসার। 

ম্যাচের চতুর্থ বলেই বিপজ্জনক রোহিত শর্মাকে এলবিডব্লিউ করেন তিনি। ‘হিটম্যান’ তখনও খাতাই খোলেননি। ইনিংসের শুরুতে রোহিতের পা ঠিকঠাক চলে না। ঢিলেঢালা একটা ব্যাপার থাকে তাঁর খেলায়। কিন্তু সময় যত গড়াতে থাকে রোহিতের ব্যাট শাসন করতে শুরু করে বোলারদের। পাক ক্রিকেটাররা তা ভালই জানেন। বিশেষজ্ঞরাও আগেই জানিয়েছিলেন, শুরুতেই তুলে নিতে হবে রোহিতের মূল্যবান উইকেট। আফ্রিদি সেই কাজটাই করলেন। যে বলে মুম্বইকরকে ফেরালেন, তা এককথায় দুর্দান্ত। ডাগ আউটে রোহিত যখন ধীর পায়ে ফিরছেন, তাঁর শরীরী ভাষাই বলে দিচ্ছিল এই ডেলিভারি তিনিও হয়তো ইনিংসের শুরুতে আশা করেননি। 

Advertisement

 [আরও পড়ুন: T20 World Cup: ক্যাচ মিসেই ম্যাচ মিস, সুপার-১২ রাউন্ডের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ]

লোকেশ রাহুল এবারের আইপিএলে ৬২৬ রান করেছেন। শাহিন আফ্রিদির দুরন্ত গতির বলটা লোকেশ রাহুলের (৩) স্টাম্প ভেঙে দিল। সেরা ফর্মের ওয়াসিম আক্রম, মহম্মদ আমিরকে তখন মনে করাচ্ছেন আফ্রিদি। ৬ রানে ২ উইকেট হারিয়ে ভারত রীতিমতো ধুঁকছে। 

সূর্যকুমার যাদব আফ্রিদিকে ছক্কা হাঁকিয়ে চাপ কমানোর চেষ্টা করেছিলেন। ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে পার্টনারশিপে ২৫ রান জোড়েন ‘স্কাই’। ক্রিকেটমহলে সূর্যকুমার যাদব ‘স্কাই’ নামেই পরিচিত। এদিন আকাশ ছুঁতে পারলেন না তিনি। হাসান আলির বলে সূর্যকুমার ফিরলেন মাত্র ১১ রান করে। উইকেট কিপার মহম্মদ রিজওয়ান পাখির মতো শরীর ছুঁড়ে সূর্যর ক্যাচ ধরেন। ভারত তখনও বিপন্মুক্ত নয়। 

 

ঋষভ পন্থ যে কোনও দিন যে কোনও সময়ে বিপজ্জনক হয়ে উঠতে পারেন। আজ সবদিক থেকেই তাঁর দিন ছিল। উল্টোদিকে অধিনায়ক বিরাট কোহলি। ভারত অধিনায়ক নিজের ছন্দে নেই তখন। শুরুর ধাক্কা সামলে পন্থ  ও কোহলি মিলে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন। পন্থ জমে যাওয়ার পরে উইকেট ছুড়ে দিলেন শাদাব খানের বলে। তার আগের ওভারেই হাসান আলিকে পরপর দু’ বলে দুটো ছক্কা হাঁকান পন্থ। কিন্তু শাদাব খানের পরের ওভারেই তুলে মারতে গিয়ে টাইমিংয়ের গন্ডগোলে বোলার শাদাব খানের হাতেই ধরা পড়লেন ভারতের তরুণ উইকেটরক্ষক। পুরনো রোগ এখনও সারল না পন্থের। তাঁর শটগুলো  যখন গ্যালারিতে আছড়ে পড়ছিল, গ্যালারিতে উপস্থিত থাকা উর্বশী রাউতেলার মুখে হাজার ওয়াটের আলো। কিন্তু তিনি ফেরার পরেই উর্বশীর দিকে ক্যামেরা তাক করে। পন্থ ফিরে যাওয়ায় উর্বশীর মন ভেঙে যাওয়ার অবস্থা। সোশ্যাল মিডিয়াতেও ততক্ষণে ট্রেন্ডিং পন্থ ও রাউতেলা। পন্থ যখন ফেরেন তখন ভারতের রান ৪ উইকেটে ৮৪।

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ভারতের নীল জার্সিতে উপস্থিত স্টেডিয়ামে। স্টেডিয়ামে যাওয়ার আগে দেদার সই দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সচিব জয় শাহ, অভিনেতা অক্ষয় কুমার, প্রীতি জিন্টার মতো তারকা হাজির। তাঁদের সামনে ভারতকে টানার কাজটা করলেন বিরাট কোহলি। তাঁর জন্যই ভারত ২০ ওভারের শেষে ভদ্রস্থ স্কোর করে। পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে কোহলি পাঁচশোর বেশি রান করে ফেললেন এদিন। 

 

টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) আগেই ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছিলেন, এবারের টুর্নামেন্টের পরেই টি টোয়েন্টির নেতৃত্ব ছাড়বেন তিনি। এদিন কোহলি অনেক সংযত ইনিংস খেললেন। অন্য প্রান্ত থেকে উইকেট যাচ্ছে নিয়ম করে, স্কোর বোর্ডে রান উঠছে না সেভাবে, কোহলি শেষ পর্যন্ত টিকে থাকলে বড় রান হতেই পারে। কোহলি সেই লক্ষ্যেই অবিচল ছিলেন। একটা দিক ধরে রাখলেন। ৪৫ বলে ৫০ রান করেন। শেষ পর্যন্ত কোহলিকে ৫৭ রানে ফেরালেন সেই শাহিন আফ্রিদিই। ৪ ওভারে ৩১ রানে তিনটি উইকেট নেন পাক পেসার।

[আরও পড়ুন: T-20 World Cup 2021: ‘ভারত-পাক ম্যাচ রাষ্ট্রবিরোধী’, বিশ্বকাপ মহারণের আগে বিস্ফোরক রামদেব]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.