Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Kuldeep Yadav

জিতেও শান্তি নেই, কুলদীপে ‘অখুশি’ গম্ভীররা, কলম্বোয় অভিষেক হবে ৩৩ বছরের ক্রিকেটারের!

প্রথম টেস্টে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সের পরেও কলম্বোয় দ্বিতীয় টেস্টের আগে প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় দলকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৬:১৩

options
link
জিতেও শান্তি নেই, কুলদীপে ‘অখুশি’ গম্ভীররা, কলম্বোয় অভিষেক হবে ৩৩ বছরের ক্রিকেটারের! zoom
দ্বিতীয় টেস্টে প্রথম এগারোয় বদলের সম্ভাবনা ভারতের। ছবি ইনস্টাগ্রাম।
Advertisement

গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সের পরেও কলম্বোয় দ্বিতীয় টেস্টের আগে প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে ভারতীয় দলকে। নজরে এক ক্রিকেটার। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল। তাঁর জায়গায় দলে আসতে পারেন ৩৩ বছরের ক্রিকেটার।

শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচেও প্রত্যাশা পূরণ করতে পারেননি কুলদীপ যাদব। দুই ইনিংস মিলিয়ে ২৫ ওভার বল করে ১০৩ রান দিয়েছেন। পেয়েছেন মাত্র একটি উইকেট। ওভারপ্রতি দিয়েছেন চার রানেরও বেশি। অন্যদিকে, মানব সুথার দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ১০ উইকেট। রবীন্দ্র জাডেজার ঝুলিতে এসেছে চার উইকেট। এই পরিস্থিতিতে কলম্বোয় দ্বিতীয় টেস্টে কুলদীপকে বসিয়ে দিতে পারে ভারত। তাঁর জায়গায় অভিষেক হতে পারে মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারাংশ জৈনের। সুথার এবং জাদেজা দু’জনেই বাঁহাতি স্পিনার। সারাংশ ডানহাতে অফস্পিন করেন। শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে একাধিক ডানহাতি ব্যাটার থাকায় তাঁর অফস্পিন কার্যকর হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
সারাংশ জৈন। ছবি পিটিআই।

৩৩ বছর বয়সি সারাংশ বাঁহাতে ব্যাট করেন। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর রান ২২২৩। গড় ৩১.৭৫। পাশাপাশি ১৮৮টি উইকেট নিয়েছেন। লিস্ট এ এবং টি-টোয়েন্টি মিলিয়ে আরও ৬৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে লাল বলের ক্রিকেটেই তাঁর সবচেয়ে বেশি সাফল্য। প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার সুবোধ জৈনের ছেলে সারাংশ। ২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও ২০২২ সালের আগে সেভাবে নজরে আসেননি। মাঝের বছরগুলিতে মাত্র ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। ২০২২ সালে রনজির নকআউটে মধ্যপ্রদেশের হয়ে নজর কাড়েন তিনি। ১৩টি উইকেট নেওয়ার পাশাপাশি করেছিলেন একটি হাফসেঞ্চুরি। সেই মরশুমেই রনজি জেতে মধ্যপ্রদেশ।

গত রনজি মরশুমেও অসাধারণ খেলেছিলেন। ৫১৮ রান করার পাশাপাশি নিয়েছিলেন ৩০টি উইকেট। দলীপ ট্রফিতেও দুরন্ত ছন্দে ছিলেন সারাংশ। মধ্যাঞ্চলের হয়ে দু’টি ম্যাচে দু’টি হাফসেঞ্চুরি এবং ১৬টি উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হন তিনি। গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের নেট বোলার হিসাবেও ছিলেন। শ্রীলঙ্কার পরিবেশ তাঁর অপরিচিত নয়। এ মাসের শুরুতেই ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফর করে এসেছেন সারাংশ। প্রথম ম্যাচে তেমন কিছু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৭০ রানের পাশাপাশি নিয়েছিলেন ছ’টি উইকেট। সেই অভিজ্ঞতাই তাঁকে কলম্বোয় বাড়তি সুবিধা দিতে পারে। সেই কারণেই কুলদীপের জায়গায় সারাংশকে খেলানোর ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শ্রীলঙ্কায় তাঁর অভিষেক হলে ভারতীয় টেস্ট ক্রিকেটে হবে নজিরবিহীন ঘটনা। ১৯৯৮ সালে রবিন সিংয়ের পর ৩৩ বছর বয়সে ভারতের হয়ে টেস্ট অভিষেক করা প্রথম ব্যাটার হবেন সারাংশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.