সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআর তাঁকে আগামী আইপিএলে আর রাখেনি। কথাবার্তা বলা তো দূরের ব্যাপার, যাঁকে মাত্র একটা টেক্সট মেসেজ পাঠিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, সেই তিনিই সিডনিতে রবিবার ভারতের টি-টোয়েন্টি সিরিজ ড্র করার পথে এক নম্বর কাঁটা হতে চলেছেন। হতে চলেছেন অস্ট্রেলিয়ার তুরুপের তাস।
[মুম্বইয়ের কাছে আটকে প্লে-অফের রাস্তা আরও কঠিন হল এটিকে’র]
তিনি অস্ট্রেলিয়ার ভয়ংকর পেসার মিচেল স্টার্ক! টি-টোয়েন্টি সিরিজ জিততে ভারতের বিরুদ্ধে যাঁকে নামিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া! দীর্ঘদেহী অস্ট্রেলিয়া পেসারের এমনিতে টি-টোয়েন্টি সিরিজে খেলার কথাই ছিল না। কিন্তু মেলবোর্নে গত টি-টোয়েন্টি যুদ্ধের আগে পেসার বিলি স্ট্যানলেক চোট পেয়ে যান। অস্ট্রেলিয়া মেলবোর্নে নাথন কুল্টার নাইলকে নামিয়ে দেয় পরিবর্ত হিসেবে। মনে করা হচ্ছিল, কুল্টার নাইলই খেলবেন সিডনিতে। কিন্তু আচমকাই অস্ট্রেলিয়া স্ট্যানলেকের বদলি হিসেবে স্টার্কের নাম ঘোষণা করে দিল।
২০১৬-র সেপ্টেম্বরে শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন স্টার্ক। সীমিত ওভারের ক্রিকেটে ভয়ংকরতম পেসারদের একজন হলেও তাঁকে টেস্টই খেলায় অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি নয়। সেই স্টার্ক প্রায় দু’বছর পর ফিরছেন। আর শুধু ফিরছেন না, ভারতের বিরুদ্ধে চরম মেজাজে নামতে চলেছেন। “স্টার্ক সীমিত ওভারের ক্রিকেটে কী করতে পারে না পারে, সবাই জানে। বল একবার হাতে পেলে ওকে থামানো খুব মুশকিল,” শনিবার বলে দিয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। স্টার্ক শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলে এতদিন ভারত টেস্টের জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু আপাতত তার আগেই তাঁকে নেমে পড়তে হচ্ছে। “পিচ দেখে টিম ঠিক করব। কিন্তু এটা অবশ্যই বলব যে, স্টার্ক শেফিল্ড শিল্ড খেলে আসায় একেবারে প্রস্তুত,’’ শুনিয়ে রেখেছেন ফিঞ্চ। এবং শুধু ফিঞ্চ নন, অস্ট্রেলিয়া মিডিয়াও প্রবলভাবে নেমে পড়েছে স্টার্ক নিয়ে ভারতের বিরুদ্ধে মানসিক যুদ্ধ শুরু করতে।
শনিবার সকালে মেলবোর্ন থেকে সিডনি পৌঁছোয় ভারতীয় টিম। কিন্তু হঠাৎই অস্ট্রেলিয়ার এক সংবাদপত্র খবর করে দেয় যে, স্টার্ককে টিমে নেওয়ায় নাকি কেঁপে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এতটাই যে, সিডনিতে নাকি দু’বেলা প্র্যাকটিস সেশন ডেকে ফেলেছেন! আর ভারত অধিনায়ক নাকি পুরোটাই করেছেন সাপোর্ট স্টাফদের কথা অগ্রাহ্য করে। আসল ঘটনা হল, সিডনিতে কোহলিরা এদিন প্র্যাকটিসই করেননি! আর শনিবার সকালে যাঁরা এসসিজিতে প্র্যাকটিস করেছেন, তাঁরা টেস্ট টিমের সদস্য। রবিবাসরীয় টি-টোয়েন্টিতে তাঁরা নামছেন না। স্টার্ক নামক বাউন্সারে অস্ট্রেলিয়া কীভাবে ম্যাচ জিততে চাইছে বোঝা গেল?
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা