শম্পালি মৌলিক: কানাঘুষো চলছিলই৷ শোনা যাচ্ছিল শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পায়েল সরকার৷ তা যা রটে তার কিছু তো বটে! নায়িকা নিজেও অবশ্য সেই ইঙ্গিতই দিচ্ছেন৷ টুইটারে তাঁর পোস্টে জানিয়ে দিচ্ছেন, ‘সোনামনির বিয়ে’ হতে আর বেশি দেরি নেই৷
সোনামনির বিয়ের সম্ভাবনা অবশ্য আচমকা নয়৷ যমের রাজা বক্স অফিসকে কী বর দিল সে কথা তোলা থাক, কিন্তু পায়েলের কাছে এ ছবি আক্ষরিক অর্থেই যে ‘বর’ পাওয়ার, তা বলাই যায়৷ হ্যাঁ, ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা তো হয়েইছিল, আবিরের সঙ্গে তাঁর জুটিও বাঙালি জেন
ওয়াইয়ের বেশ মনেও ধরেছিল৷ কিন্তু নেপথ্যে অন্য কারও মনে ধরেছিল কাউকে৷ মন দেওয়া-নেওয়া সে কাহিনী ছিল চিত্রনাট্যের বাইরে, এবং ‘বিহাইন্ড দ্য ক্যামেরা’৷ আর তাই রিল ছাপিয়ে তৈরি হয়েছিল রিয়াল লাইফ আবির-পায়েল জুটি৷ টলিপাড়ার আনাচে কানাচে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘যমের রাজা দিল বর’ ছবির পরিচালক আবির সেনগুপ্তর সঙ্গে মন দেওয়া-নেওয়া সেরেছেন পায়েল৷ তা বসন্ত যে সত্যিই এসে গেছে আবিরের টুইটার প্রোফাইলে চোখ রাখলেও সে ইঙ্গিত মিলত৷ তবে এবার আর রাখঢাক নেই৷ এই ভরা বর্ষায় প্রেমের মরশুম তাঁরা নামিয়ে এনেছেন টুইটারে৷ হাতি, ঘোড়া নাচলে যে সোনামনির বিয়ে হবে সে তো ছড়া জানা যে কোনও বাচ্চাই জানে৷ কিন্তু এই নেহাত শিশুপাঠ্য ছড়ায় মজার মোড়কে কি বিয়ের খবরটাই ফাঁস করলেন পায়েল? তা নায়িকা নিজে কী বলছেন? তিনি নিজে এ মুহূর্তে শুটিংয়ের কাজে কলকাতার বাইরে৷ ফোনে জানালেন, ‘টুইটটা আমি মজা করে করেছি৷ তবে ইচ্ছে আছে বছর দু’য়েকের মধ্যেই বিয়েটা সেরে ফেলব৷’
এখনই না হলেও, বিয়ের খবর একেবারে উড়িয়ে দিলেন না পায়েল৷ আপাতত ‘ঈগলের চোখ’ ছবির সাফল্যের স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন নায়িকা৷ আর এর মধ্যেই সাত পাকে বাঁধা পড়ার পথা একরকম প্রায় ঘোষণাই করে দিলেন তিনি৷ ক’দিন আগেই টলিপাড়ার আর এক নায়িকা শ্রাবন্তী বসেছেন বিয়ের পিঁড়িতে৷ এবার পালা পায়েলের! পায়েল যতই মজাচ্ছলে টুইট করুন না কেন, টলিপাড়ার সকলেই বলছেন, ‘এসো, সুসংবাদ এসো’৷
It’s sonamoni’s wedding 😀😀yeppiiiiii @Sengupta_Abirhttps://t.co/Zmr0VhiAMQ
— Payel Sarkar (@Paayel_12353) August 16, 2016
Not just again ,it will remain forever @Sengupta_Abir https://t.co/DOjNzoo7GC
— Payel Sarkar (@Paayel_12353) August 15, 2016
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার