সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোচনায় মিলল সমাধান সূত্র! আপাতত বর্ধিত মার্কিন শুল্ক থেকে রেহাই পাচ্ছে মেক্সিকো। আমেরিকার সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রুখতে মেক্সিকোর কড়া নিরাপত্তার আশ্বাসেই গলল বরফ।
শনিবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, পড়শি মেক্সিকো থেকে পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হচ্ছে। মূলত সীমান্তে মাদক চোরাচালান রুখতে কড়া পদক্ষেপ মেক্সিকোর গাছাড়া মনোভাবের ফলস্বরূপ শুল্ক বৃদ্ধির কথা জানিয়েছিলেন ট্রাম্প। ঘোষণার পরই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনব্যোম জানিয়েছিলেন বিষয়টি নিয়ে আমেরিকা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন। সেই আলাপচারিতার ফল মিল হাতেনাতে। নয়া শুল্কনীতি কার্যকর আরও একমাস পিছিয়ে দিলেন ট্রাম্প।
মেক্সিকোর প্রেডিডেন্ট জানিয়েছেন, ফেনেটানিল-সহ মাদক পাচার রুখতে উত্তর সীমান্তে আজ থেকেই ন্যাশনাল সিকিওরিটি বাহিনীর ১০ হাজার জওয়ান মোতায়েন করা হচ্ছে। সেই প্রতিশ্রুতিতেই নিজের অবস্থান থেকে প্রাথমিকভাবে সরে দাঁড়ালেন ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া ‘ট্রুথে’ একথা জানিয়েছেন ট্রাম্পও। জানিয়েছেন দুপক্ষের মধ্যে ইতিবাক আলোচনা হয়েছে।
দ্বিতীয়বার কুরসিতে বসেই বিশ্বজুড়ে শুল্ক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সেই মতো কানাডা, মেক্সিকো এবং চিনের পণ্যের উপর চড়া শুল্ক চাপান। ইতিমধ্যে এক্সিকিউটিভ অর্ডারে সই করে দিয়েছেন ট্রাম্প। কথা ছিল, মঙ্গলবার থেকে কার্যকর হবে নয়া শুল্কনীতি। তার আগে মেক্সিকোকে আরও একমাস সময় দেওয়া হল। উল্লেখ্য, কলম্বিয়া থেকে আসা পণ্যের উপরও ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। কারণ, তারা তাদের দেশের শরণার্থীদের ফেরত নিতে চায়নি।
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার