সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোলের সন্তানকে নিয়ে রাষ্ট্রসংঘের সম্মেলনে যোগ দিয়েই বিশ্বের নজর কেড়েছিলেন৷ তারপর ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর মুসলিম মহিলাদের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়িয়েছিলেন পাশে৷ এক রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর এই সংবেদনশীল ভূমিকার জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন৷ এবার জীবনের আরও এক ইনিংসের পথে পা বাড়ালেন৷ দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করছেন নিউজিল্যান্ডের ৩৮ বছর বয়সী প্রধানমন্ত্রী৷ শুক্রবার দপ্তরে ঢুকতেই তাঁর আঙুলে একটি হীরের আংটি চোখে পড়ে৷ বাগদানের আংটি? প্রশ্ন শুনেই কবুল করলেন জেসিন্ডা৷ ইস্টারের ছুটিতে বাগদান সেরেছেন৷ বিয়েও দ্রুতই৷
[আরও পড়ুন : মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জইশকে নিয়ন্ত্রণ সম্ভব? পাকিস্তানের পদক্ষেপে সংশয়]
ক্লার্ক গেফোর্ড৷ টেলিভিশন উপস্থাপক৷ ২০১২ সাল থেকে জেসিন্ডা আর্ডের্নের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক৷ গত বছর জুনে তাঁদের কন্যাসন্তানও হয়েছে৷ তার নাম নেভ তে আরোহা৷ রাষ্ট্রনেতার দায়িত্ব সামলানোর সময়ে মা হওয়ার নজির একমাত্র ছিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর৷ এছাড়া সারা বিশ্বের আর কোথাও নেই৷ সেদিক থেকে জেসিন্ডা বহু খ্যাতিমান মহিলাকেও পিছনে ফেলে দিয়েছেন৷ সেবার তাঁকে দেখা যায়, কন্যাকে কোলে নিয়েই নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে৷ বক্তব্য রাখার সময় সন্তান ছিল সঙ্গী গেফোর্ডের কোলে৷ সেই ছবিই ভাইরাল হয়ে গিয়েছিল৷ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষের, আলোচনা কেন্দ্রে উঠে এসেছিলেন জেসিন্ডা আর্ডের্ন৷

আর গেফোর্ড? দেশের প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে পালন করেছিলেন গুরু দায়িত্ব৷ বাড়িতে থেকে মাতৃস্নেহের এতটুকু অভাব না রেখে কন্যাকে বড় করে তুলছিলেন৷ তাঁদের বিয়ে নিয়ে কম জল্পনা হয়নি৷ ভাবা হয়েছিল, সন্তানের জন্মের পর তার কথা ভেবে অন্তত বিবাহবন্ধনে আবদ্ধ হবেন জেসিন্ডা-গেফোর্ড৷
[আরও পড়ুন : অস্ট্রেলিয়ার রাস্তায় দেখা মিলল ত্রিনয়নী পাইথনের]
কিন্তু জল্পনাই সার৷ মোটেই তা করেননি৷ বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে জেসিকা বলতেন, এখনও ভাবেননি৷ তবে এবার ভাবনাচিন্তার পর্ব শেষ৷ ক্লার্ক গেফোর্ড, জেসিন্ডা আর্ডের্ন এবার নেভের বাবা, মা হতে চান৷ ইস্টারের ছুটিতে তাঁরা মনস্থির করে বাগদান পর্ব সেরে ফেলেছেন৷ আঙুলে হিরের আংটি তারই চিহ্ন৷ জেসিন্ডা বলছেন, গেফোর্ডকে সঙ্গী হিসেবে পেয়ে তিনি ভাগ্যবতী৷ জীবনের প্রতিটি পদক্ষেপে গেফোর্ড তাঁকে আগলে রেখেছেন৷ সুযোগ্য অভিভাবকের মতো সন্তানের দায়িত্ব পালন করেছেন৷ এমন নির্ভরযোগ্য সঙ্গীকে এবার স্বামীর সম্মান দিতে চান জেসিন্ডা৷ তবে বিয়ে কবে, তা এখনও অজানা৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের