দেবব্রত মণ্ডল, বারুইপুর: পরকীয়ার সন্দেহে স্ত্রীকে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে৷ গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে৷ গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জেরায় অ্যাসিড ছোঁড়ার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত৷
[আরও পড়ুন: রান্নার হাত ভাল না হওয়ার ‘শাস্তি’, নববধূকে খুনে অভিযুক্ত স্বামী-শ্বশুর]
ইদানীং স্মার্টফোনে বেশি ব্যস্ত থাকতেন স্ত্রী৷ স্বামী ভেবেছিল পরকীয়া সম্পর্কের জেরেই স্ত্রী সব সময় ফোনালাপ করেন৷ এই সন্দেহের জেরে কয়েকমাস ধরেই অশান্তি লেগেই ছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মদারাটের বাসিন্দা সইদুল গাজি এবং তার স্ত্রীর৷ দাম্পত্য সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছিল৷ গত সোমবার সকালে ঝগড়াঝাটি প্রায় চরমে পৌঁছায়৷ কথা কাটাকাটি চলাকালীন স্ত্রীর মুখে অ্যাসিড ছোঁড়ে স্বামী৷ জ্বালাযন্ত্রণায় প্রায় ছটফট করতে থাকেন গৃহবধূ৷ তবে ততক্ষণে তাঁর স্বামী সইদুল ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে৷ প্রতিবেশীরাই ওই মহিলাকে উদ্ধার করেন৷ তাঁকে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়৷ তবে ওই হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজক৷ তাই তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা৷ সেই মতো গৃহবধূকে অন্যত্র ভরতিও করা হয়৷ আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷
[আরও পড়ুন: বলিদান দিবসে শহিদ ক্ষুদিরামের চিতাভূমিতে বৃক্ষরোপণের সংকল্প নাতির]
ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দেয় গৃহবধূর স্বামী৷ বাপেরবাড়ির লোকজন বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার চারদিন পর শুক্রবার সকালে সইদুল গাজিকে গ্রেপ্তার করা হয়৷ প্রথমে যদিও স্ত্রীকে অ্যাসিড ছোঁড়ার কথা স্বীকার করতে চায়নি অভিযুক্ত৷ তবে দীর্ঘক্ষণ পুলিশি জেরায় ভেঙে পড়ে সে৷ স্বীকার করে নেয় স্ত্রীকে অ্যাসিড ছুঁড়েছে সইদুল৷ ধৃত পুলিশকে বলে, ‘‘যখনই স্ত্রীকে ফোন করতাম বলত ব্যস্ত রয়েছে৷ বাড়ি ফিরেও দেখতাম ফোনে কথা বলত৷ রাতবিরেতে ফোন বাজত৷ কে করছে জানতে চাইলে উত্তর দিত না৷ এড়িয়ে যেত৷ প্রায়ই ও মিথ্যে বলত৷ সে কারণেই স্ত্রীর উপর খুব রাগ হত৷ তাই ঝগড়াঝাটির মাঝে স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে দিয়েছিলাম৷’’
[আরও পড়ুন: খেলনা পিস্তল নিয়ে ডিআরডিও’র পরিচয়ে স্কুলে ঢুকে হুমকি, ধৃত ‘গুণধর’ যুবক]
স্ত্রীকে খুন নয়, সবক শেখাতেই অ্যাসিড ছুঁড়েছিল বলেও জেরায় স্বীকার করে নিয়েছে ধৃত সইদুল গাজি৷ অভিযুক্তকে আপাতত পুলিশ হেফাজতেই রাখা হয়েছে৷ মহিলার জবানবন্দি সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা৷
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী