সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘শীঘ্রই আসছি’, বাংলা ভাষায় এরাজ্যে হামলার হুমকি এসেছিল ইসলামিক স্টেটের তরফে৷ তারপর ২৪ ঘণ্টাও কাটেনি৷ এর মধ্যেই এই পোস্টারের নেপথ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘তোষণ রাজনীতি’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ হাওড়া কেন্দ্রের প্রচারে জনসভা থেকে তাঁর তীব্র কটাক্ষ, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরালে কলকাতায় হামলা চালাতে পারে আইএস৷’
[ আরও পড়ুন : বুথে নজরদারির দায়িত্বে নাবালকরা! বিতর্ক তুঙ্গে আউশগ্রামে]
এমন মন্তব্যের পিছনে যুক্তিও সাজিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়৷ তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তোষণের রাজনীতি করছেন, তার জন্যই আইএস এমন পোস্টার দেওয়ার সাহস করেছে৷ পশ্চিমবঙ্গের বিপদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী৷ মমতাকে না সরালে, এরাজ্যের অবস্থাও জম্মু-কাশ্মীরের মতোই হবে৷’ চতুর্থ দফা ভোটের আগে কৈলাস বিজয়বর্গীয়র তাঁর এই মন্তব্য নিয়ে যথারীতি তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি৷ সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল মহাসচিব৷ পার্থ চট্টোপাধ্যায়ের পালটা জবাব, ‘এসব বলে দেশে ভাঙন ধরাতে চাইছেন কৈলাস বিজয়বর্গীয়৷ তাঁরা হতাশা থেকেই এসব বলছেন৷ এসব বলে তাঁরা উত্তেজনা ছড়াতে চাইছেন৷’
[ আরও পড়ুন : প্রাণে বাঁচতে ক্রেন থেকে মরণঝাঁপ অপারেটরের! হলদিয়া বন্দরের ঘটনায় চাঞ্চল্য]
শনিবার আইএস-এর নাম দিয়ে স্পষ্ট বাংলায় পোস্টার প্রকাশ করা হয়েছিল, যাতে লেখা ছিল – ‘শীঘ্রই আসছি’৷ টেলিগ্রাম নামে একটি মেসেজিং অ্যাপে এই পোস্টার প্রকাশিত হয়৷ গোয়েন্দাদের আশঙ্কা, এবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গই তাদের মূল টার্গেট৷ পোস্টার প্রকাশিত হওয়ার পর থেকে নড়েচড়ে বসেছে গোয়েন্দা দপ্তর৷ বিভিন্ন স্তরে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ কিন্তু দেশের নিরাপত্তাজনিত এমন একটা বিষয়ও যে রাজনীতির বেড়াজালে জড়িয়ে পড়বে, তা বোধহয় ভাবতে পারেনি কেউ৷ কিন্তু রবিবার কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যের পর স্পষ্ট হচ্ছে, ভোটের মরশুমে কোনও ইস্যুই রাজনীতির আগল গলে যেতে পারবে না৷
[ আরও পড়ুন : ভুটান পাহাড়ে তুমুল বৃষ্টি, বন্যায় ভাসল ডুয়ার্সের বিন্নাগুড়ি ও বানারহাট]
এর আগে পুলওয়ামা হামলার জবাবে বালাকোটে এয়ারস্ট্রাইকের প্রমাণ দাবি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেসময় বিজেপি নেতৃত্বের কটাক্ষ ছিল, পাকিস্তান প্রীতি রয়েছে মমতার৷ তাই জঙ্গিদের মৃত্যুতে তাঁর কষ্ট হয়েছে৷ মমতার বিরুদ্ধে আগেও একাধিকবার সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছিল বিজেপি৷ এবারও প্রায় সেই একই ভাষায় কটাক্ষ করে গেলেন কৈলাস বিজয়বর্গীয়৷ যা নজিরবিহীন৷ এনিয়ে কমিশনের দ্বারস্থ হতে পারে তৃণমূল৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার