প্রণব সরকার, আগরতলা: শনিবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা-সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে অনুষ্ঠিত উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে৷ কোথাও কোনও অশান্তির খবর নেই৷
শনিবার ত্রিপুরায় দু’টি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছে৷ ত্রিপুরায় শাসক দল সিপিএমকে এবার কড়া চ্যালেঞ্জের সামনে ফেলেছে তৃণমূল কংগ্রেস৷ আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন৷ তার আগে এই উপনির্বাচনকে অনেকেই বিধানসভা নির্বাচনের মহড়া বলে মনে করছেন৷ রাজ্য তৃণমূল কংগ্রেস নেতারা খোয়াই ও বড়জলা দু’টি কেন্দ্রেই ভাল ফল করার ব্যাপারে আশাবাদী৷ বড়জলা ও খোয়াই, এই দুই কেন্দ্রে যথাক্রমে ৮৬ ও ৯৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার দেবাশিস মোদক৷
তামিনাড়ুর তিনটি বিধানসভা আসনে প্রায় ৮০ শতাংশ ভোটদানের খবর মিলেছে৷ শনিবার তামিলনাড়ুর আরাভাক্কুরুচি, থিরুপ্পারাকুনদ্রাম ও তাঞ্জাভুর, এই তিন কেন্দ্রে ভোট নেওয়া হয়৷ আরাভাক্কুরুচি কেন্দ্রে সর্বোচ্চ প্রায় ৮২ শতাংশ ভোট পড়েছে৷ পার্শ্ববর্তী রাজ্য পুদুচেরির নেলিথোপে কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮৬ শতাংশ৷ দক্ষিণের এই দুই রাজ্যে কোথাও কোনও অশান্তির খবর নেই৷
মধ্যপ্রদেশের শাহডল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়েছে ৬৬.১৪ শতাংশ৷ একই সঙ্গে নেপানগর বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল ৭১.২৫ শতাংশ৷ তফসিলি জাতির জন্য সংরক্ষিত দু’টি আসনই ছিল রাজ্যের শাসক দল বিজেপির দখলে৷ এই উপনির্বাচনেও আসন দু’টি ধরে রাখার ব্যাপারে আশবাদী গেরুয়া দল৷ মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে মধ্যপ্রদেশের উপনির্বাচন৷ অন্যদিকে ভারত-চিন সীমান্ত সংলগ্ন অরুণাচলের প্রত্যন্ত আনজাও জেলার হাউলিয়াং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে এদিন ৭২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে৷ উপনির্বাচনে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী অফিসার ডি জে ভট্টাচার্য৷
অন্যদিকে এদিন অসমের লখিমপুর লোকসভা ও বাইথালাংসো বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটদানের হার ছিল কিছুটা কম৷ রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার মুকেশ সি সাহু জানিয়েছেন, লখিমপুর লোকসভা ও বাইথালাংসো বিধানসভা কেন্দ্রে প্রায় ৬১ শতাংশ ভোট পড়েছে৷ শনিবার সকালে অসমে জঙ্গি হামলার প্রেক্ষিতে এদিন ওই দুই কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট আঁটসাঁট৷ বিজেপি নেতা সর্বানন্দ সোনওয়াল মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় লখিমপুর সংসদীয় আসনটি শূন্য হয়েছিল৷
সর্বশেষ খবর
-
মা হচ্ছেন সোহিনী, শোভনের সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই সুখবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?