সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ বছর পর গেরুয়া ঝড় উঠেছে দিল্লিতে। বিধানসভা নির্বাচনে লজ্জার হার হয়েছে আম আদমি পার্টির। ‘জায়ান্ট কিলার’ প্রবেশ বর্মার কাছে হেরে গিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। স্বাভাবিকভাবেই রাজধানীর গদিতে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন প্রবেশ। তালিকায় রয়েছেন আরও একাধিক হেভিওয়েট। কিন্তু সূত্রের খবর, ফের একবার মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে দিল্লি! কাদের কথা ভাবছে বিজেপি?
এবারে দিল্লিতে বিজেপির মোট ৪৮ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন। এই বিধায়কদের মধ্যে রয়েছেন চার মহিলাও। নিলম পাহলওয়ান, রেখা গুপ্তা, পুনম শর্মা ও শিখা রায় নাম লিখিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে। এঁদের মধ্যে নজফগড় আসনে প্রথম মহিলা বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন নিলম। এছাড়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন রেখা গুপ্তা। ওয়াজিরপুর থেকে জয়ী হয়েছেন পুনম শর্মা। এদিকে, বর্ষীয়ান আপ নেতা তথা প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ হার স্বীকার করেছেন শিখা রায়ের কাছে। আবার বাইরে থেকে স্মৃতি ইরানি বা বাঁশুরি স্বরাজের মতো কারও কথাও ভাবা হতে পারে।
সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে চমক দিয়েছে বিজেপি। এমন কাউকে মসনদে বসানো হয়েছে যার নাম হয়তো জল্পনায় ছিল না। এবারও তেমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সূত্রের খবর, বিজেপি জাত সমীকরণ মেনে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নিতে পারে। তফসিলি জাতি থেকে একজন বিধায়ককে মসনদে বসানো হতে পারে। সেক্ষেত্রে নাম উঠে আসছে রাজকুমার চৌহান (মঙ্গলপুরী), রবিকান্ত উজ্জইন (ত্রিলোকপুরী), রবিন্দর ইন্দ্ররাজ সিং (বাওয়ানা) এবং কৈলাশ গাঙ্গওয়াল (মাদিপুর)। তবে এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে প্রবেশ বর্মা, সতীশ উপাধ্যায় এবং বীরেন্দ্র সচদেবের মধ্যেই আসল লড়াই।
৭০ বিধানসভা আসনের ৪৮টিতে পদ্ম ফোটার পরই সরকার গঠন নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে এই মুহূর্তে ফ্রান্সে ও আমেরিকা সফরে রয়েছেন মোদি। তিনি ফিরে আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। নাম ঘোষণা করা হবে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর।
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী