আজকের দিনে অনলাইন ক্যাব ও বাইক হয়ে উঠেছে মানুষের নিত্য সহচর। কলেজ হোক বা অফিস, বিপদে হোক বা রাতবিরেতে, অনেকেই ভরসা রাখেন অ্যাপনির্ভর যানবাহনে। কিন্তু তার মধ্যেই অনেক সময় চালকের দুর্বব্যবহারের অভিযোগ ওঠে। এবার নেটভুবনে ভাইরাল এক র্যাপিডো চালকের মেসেজ! যাকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। প্রতিক্রিয়া জানিয়েছে অ্যাপ ক্যাব সংস্থাও।
ঘটনা গাজিয়াবাদের (Ghaziabad)। এক তরুণী ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁকে বসে থাকতে দেখা যাচ্ছে। তিনি লিখেছেন, ‘র্যাপিডো বাইক বুক করে নিই, কী আর হবে!’ তারপরই লেখা ‘হয়ে গেল।’ এরপর তিনি চালকের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে তাঁদের মধ্যে কথাবার্তা ঠিক এরকম-
আরও পড়ুন:
‘হাই’
‘কে?’
‘চিনতে পারলেন না? এখনই তো ড্রপ করে এলাম।’
‘র্যাপিডো চালক?’
‘হ্যাঁ। যাই হোক, আপনি বড্ড কিউট! ট্র্যাডিশনালে বেশ ভালো দেখাচ্ছিল। বয়স কত আপনার?’
View this post on Instagram
‘অ্যাঁ?’
‘আরে ঘাবড়াবেন না। আমি কিন্তু তেমন মানুষ নই। আপনি একলা থাকেন নাকি?’
‘তুমি জেনে কী করবে। নিজের চড়কায় তেল দাও ভাই।’
‘আরে আপনি তো রাগ করছেন! কাল দেখা করবেন, বিকেল চারটেয়? কোনও অসুবিধা না থাকলে…’
এরপরই ওই চালককে ব্লক করে দেন তরুণী। ভিডিওয় শেয়ার করেছেন কথোপকথনের সমস্ত স্ক্রিনশট। ভিডিওটি ভাইরাল হতেই তুঙ্গে ওঠে বিতর্ক। মুখ খুলতে বাধ্য হয় র্যাপিডো। সংস্থার তরফে জানানো হয়েছে, ‘হাই, আমরা ক্যাপ্টেনের (চালক) অনৈতিক আচরণের জন্য ক্ষমাপ্রার্থী। এটা একেবারেই মেনে নেওয়া যায় না। আমাদের ধার্য করা মানের ধারেকাছেও আসে না। দয়া করে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ও রাইড আইডি ডিএম করুন। যাতে আমরা প্রয়োজনীয় তদন্ত সেরে কড়া পদক্ষেপ করতে পারি।’
ভিডিওটি ভাইরাল হয়েছে। র্যাপিডো চালকের এহেন কথোপকথন দেখে অনেকেই মন্তব্য করেছেন, সাম্প্রতিক সময়ে এই ধরনের প্রবণতা সম্ভবত বাড়ছে। সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা কতটা থাকছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।