নব্যেন্দু হাজরা: ঘুম থেকে উঠেই অফিস। আবার অফিস থেকে বাড়ি ফিরে হাজারও কাজ। অফিস-বাড়ি এবং বাড়ি-অফিসের ব্যস্ততায় বিরক্ত প্রায় বেশিরভাগ কর্মজীবী। আবার তার সঙ্গে রয়েছে যাতায়াতের ক্লান্তি। তবে এবার সেই ক্লান্তি দূর করার লক্ষ্যে কলকাতা মেট্রো। ঠিক কীভাবে মেট্রো একাজ করবে, চলুন তা খোলসা করা যাক।
মেট্রোয় উঠলে শুধুমাত্র স্টেশনের নামের ঘোষণা শুনতে পাওয়া যায়। আর করোনাকালে সতর্কতামূলক প্রচারও শোনা যায়। তবে এবার আসতে চলেছে বড়সড় চমক। কারণ, কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে মেট্রোয় চলবে গান। পুরনো দিনের হিন্দি এবং বাংলা গান শুনতে পাবেন যাত্রীরা। গানের পাশাপাশি গুরুত্বপূর্ণ খবরও শোনা যাবে। মেট্রো কর্তৃপক্ষের আরও দাবি, যাতায়াতের পথে গান শুনলে যাত্রীদের পথের ক্লান্তি দূর হবে। এভাবে যদি আয়ের বন্দোবস্ত করা যায়, সে ভাবনাচিন্তাও রয়েছে মেট্রো কর্তৃপক্ষের।
[আরও পড়ুন: ‘দিঘায় জগন্নাথ মন্দির তাড়াতাড়ি তৈরি করুন, আমি পুজো দিতে যাব’, বললেন মমতা]
করোনাকালে মেট্রোর আয় কমেছিল বেশ খানিকটা। রোজগার বাড়াতে তাই এবার বিকল্প পন্থা অবলম্বন করেছে মেট্রো। কলকাতা মেট্রোর সাতটি স্টেশনকে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই, সেই পদক্ষেপে এবার মেট্রো স্টেশনের স্মার্ট গেটও ব্র্যান্ডিং করা শুরু হয়েছে। পাতালপথের একাধিক মেট্রো স্টেশনে ইতিমধ্যেই বিজ্ঞাপন দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। মেট্রো রেল সূত্রে খবর, সব স্টেশনেই এই ব্যবস্থা করা হবে। কর্তৃপক্ষের বক্তব্য, এর ফলে বার্ষিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকা আয় হবে কলকাতা মেট্রো রেলের। এর আগে দমদম, নোয়াপাড়া, বেলগাছিয়া, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিটের মতো স্টেশনগুলিতে ব্র্যান্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের বেঙ্গল কেমিক্যাল এবং শিয়ালদহ মেট্রো স্টেশনকে ব্র্যান্ডিং করা হবে। পাঁচ বছরের চুক্তিতে এই ব্র্যান্ডিং করা হবে বলে জানা গিয়েছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে, যাত্রী সংখ্যা স্বাভাবিক সময়ের থেকে এক-তৃতীয়াংশে নেমে এসেছে। কিন্তু যেহেতু নিজেরা ভাড়া বাড়াতে পারবে না মেট্রো, সেই কারণেই বিকল্প উপায় ভাবা হচ্ছে।
[আরও পড়ুন: আরও রঙিন হবে কার্নিভ্যাল, একমাস ধরে দুর্গাপুজো সেলিব্রেশনের পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!