সৃজলা ফিরতেই অঝোরে কান্না দুর্নিবারের! ‘বাড়িতে বউ-বাচ্চা আছে’, কটাক্ষ নেটদুনিয়ার, নিশানায় শিল্পীর প্রথম স্ত্রীও
প্রেম, বন্ধুত্ব নাকি পুরোটাই গেম প্ল্যান?
বিগ বস বাংলা' শুরু হওয়ার পর থেকেই চর্চায় দুর্নিবার সাহা ও সৃজলা গুহর ঘনিষ্ঠতা। তাঁদের আলাদাভাবে কথা বলা, একে অপরের যত্ন নেওয়ার নেপথ্যে 'লাভ অ্যাঙ্গেল' খুঁজে পেয়েছেন দুর্গের ভিতরের প্রতিযোগীরাই। ঝিলম সরাসরি দুর্নিবারকে বলেছিলেন, "ও সামনে থাকলেই তোর আচরণ বদলে যায়।" চোট পাওয়ার পর সৃজলা দুর্গে ফিরতেই দুর্নিবারের চোখের জল ফের উসকে দিল তাঁদের সম্পর্কের জল্পনা।
আরও পড়ুন:
দিন কয়েক আগে টাস্কের মাঝে সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দেন নন্দিনী দত্ত। সঙ্গে সঙ্গে সৃজলাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন চিকিৎসার পর শনিবার 'দাদার দরবারে' দুর্গে ফিরেছেন তিনি। সকল প্রতিযোগীই তাঁকে দেখে কাছে টেনে নেন। শুধু দেখা যায়, সোফায় বসে কেঁদে ফেলেছেন দুর্নিবার। এরপর সৃজলা কাছে আসতেই তাঁকে জড়িয়ে ধরেন গায়ক।
এখানেই যত সমস্যার শুরু। দর্শকদের একটা বড় অংশের দাবি, দুর্নিবারের এই চোখের জলই নাকি প্রমাণ করে দিচ্ছে, সৃজলার প্রতি তাঁর গভীর প্রেম। জড়িয়ে ধরার মধ্যেও অস্বাভাবিকত্ব দেখতে পাচ্ছেন অনেকেই। আর তা নিয়েই সোশাল মিডিয়া তোলপাড়। দুর্নিবারের প্রথম বিয়ে, বিচ্ছেদ, দ্বিতীয় সংসার সকলেরই জানা। বিচ্ছেদকে হাতিয়ার করেই দুর্নিবারের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
সোশাল মিডিয়ায় কেউ লিখেছেন, 'একবার ডিভোর্স হয়েছে, আবারও হবে! তাতে কী!' কেউ আবার লিখছেন, 'এবার ওয়াইল্ড কার্ডে ওর প্রথম বউকে নিয়ে আসা হোক।' কারও কথায়, 'আগের জন্মে হারিয়ে যাওয়া বউ'। কেউ আবার দুর্নিবারের স্ত্রী অর্থাৎ মোহরের গোটা বিষয়টা কেমন লাগছে তা নিয়েও প্রশ্ন তুলছেন। কেউ বলছেন, 'বাড়িতে বউ-বাচ্চা আছে ভুলে গিয়েছে।'