গোয়ার ধাঁচে মন্দারমণিতেও ‘সানবার্ন ফেস্টিভ্যাল’, বিশ্বমানের অনুষ্ঠান দেখতে জলের দরে টিকিট পাবেন কোথায়?
কেন মন্দারমণিতে ‘সানবার্ন ফেস্টিভ্যালে’র আয়োজন?
'সানবার্ন ফেস্টিভ্যাল' হল গোয়ার ঐতিহ্য়বাহী সঙ্গীত উৎসব। আইকনিক ইলেকট্রিফাইং ডান্স মিউজিকের আসর গোয়াতেই প্রথম বসেছিল। গত ২০০৭ সালে পারসেপ্ট লাইভের ব্যানারে শৈলেন্দ্র সিং 'সানবার্ন ফেস্টিভ্যালে'র সূচনা করেন। প্রতি বছর সাধারণত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ-বিদেশের পর্যটকরা তাতে অংশ নেন। স্বাভাবিকভাবে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই বাড়তি লাভ করেন।
আরও পড়ুন:
তবে তার আগে এই প্রথমবার বাংলার বুকে সেই 'সানবার্ন ফেস্টিভ্যালে'র আসর। মন্দারমণির কে সি ভিউ রিসর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের নাম 'সানবার্ন রিলোড সানডাউনার'। অনুষ্ঠানে থাকবেন ডিজে সারটেক, ডিজে হাউডিনি, ডিজে রুদ্র ও আর্কেইন জুটি এবং ডিজে অ্যান্টিম, ডিজে কিচের মতো তারকারা। লাইভ পারফর্ম্যান্স, ইলেকট্রিক মিউজিক, অসাধারণ মঞ্চসজ্জা এবং সঙ্গে সমুদ্র - সব মিলিয়ে সত্যিই রোমাঞ্চকর।
আগামী ১৬ আগস্ট বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে 'সানবার্ন ফেস্টিভ্যাল'। মন্দারমণির কে সি ভিউ রিসর্টে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। ১৮ ঊর্ধ্ব সকলে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। তবে তার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। বেশ কয়েক রকমের টিকিট পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন টিকিটের দাম ১ হাজার ৯৯৯ টাকা। সর্বোচ্চ ৫৫ হাজার টাকা। 'বুক মাই শো'-তে এক ক্লিকে টিকিট বুক করা যাবে।
আরও পড়ুন:
রাজ্যের পর্যটনশিল্পকে আরও চাঙ্গা করাই লক্ষ্য প্রশাসনের। ক্ষমতায় আসার পর থেকেই দিঘার পর্যটন কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার ফলে খুশি পর্যটকরা। আর পর্যটকরা খুশি হলে মন্দারমণিতে বাড়বে ভিড়। স্বাভাবিকভাবেই তাতে সৈকতনগরীর বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই 'সানবার্ন ফেস্টিভ্যালে'র আয়োজন যে নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ তা বলাই বাহুল্য।