রাস্তায় রান্নার ভিডিওতেই মাসে ১৮ লাখ আয়! কীভাবে ট্রাকচালক থেকে ‘সেলেব’ হলেন রাজেশ?
কখনও ট্রাকে কখনও রাস্তার পাশে গাড়ি থামিয়ে রাজেশের রান্না করার ভিডিও মন কেড়েছে নেটদুনিয়ার।
ট্রাক নিয়ে ছুটে চলার সময় খিদে পেলে হাইওয়ের পাশে গাড়ি দাঁড় করিয়ে রাজেশ নেমে পড়তেন বাসনপত্র নিয়ে। বরাবরই ভোজনরসিক যুবক কোনওদিন রান্না করতেন খাসির মাংস, কোনওদিন মাছ বা অন্য কিছু। স্ত্রী-ছেলেকে খাবারের ছবি-ভিডিও পাঠাতেন। তবে এই ভিডিওই যে ভাগ্য বদলে দেবে, কে জানত! ঠিক তেমনটাই হয়েছে রাজেশের সঙ্গে। ভাবনা চিন্তা না করেই ইউটিউবে ভিডিও আপলোড করে রীতিমতো স্টার ট্রাকচালক।
আরও পড়ুন:
ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, রাজেশের পাঠানো রান্নার ভিডিও দেখে তাঁর ছেলে সাগরের মনে হয় সেগুলো আপলোড করলে লোকের ভালো লাগতে পারে। বিশেষ ভাবনাচিন্তা না করেই ভিডিও আপলোড করে সে। দর্শক সেগুলো পছন্দও করছিল। ২০২১ সালে 'আর রাজেশ ভ্লগস' নামে একটি চ্যানেল খোলেন তাঁরা। কিন্তু শুধু রান্নার ভিডিও দেখে হাঁপিয়ে উঠছিলেন ফলোয়াররা। তাঁরা রাজেশকে দেখতে চান।
এরপর নাম, পরিচয় দিয়ে একটি ভিডিও তৈরি করেন সাগর। যা রাজেশের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ ভিডিওটি দেখেন। এরপরই ইনফ্লুয়েন্সর হিসেবে পুরোদমে যাত্রা শুরু হয় রাজেশের। ট্রাকে বসে তাঁর কোনওদিন পনির, কোনওদিন খাসির মাংস রান্নার ভিডিও রীতিমতো উপভোগ করেন সকলে। স্বাভাবিকভাবেই বাড়তে থাকে আয়।
জানা যায়, ট্রাক চালিয়ে মাসে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করতেন রাজেশ। কিন্তু সোশাল মিডিয়ার দৌলতে তা বেড়ে দাঁড়িয়ে ৪ থেকে ৫ লাখে! একমাসে নাকি ১৮ লক্ষ টাকা উপার্জন করেছেন তিনি। ফলে বদলেছে জীবন যাত্রাও। আধুনিক জীবনযাত্রার উপযোগী একটি বিশেষ ট্রাক তৈরি করেছেন রাজেশ। তার অন্দরসজ্জা, বিশেষভাবে তৈরি মালপত্র রাখার তাক নজর কেড়েছে সকলের।