অন্নপূর্ণা দিবসে বঙ্গে পালিত প্রধানমন্ত্রীর জন্মদিন, সল্টলেক দপ্তরে বসল মোমের মূর্তি, শহরজুড়ে মহাযজ্ঞ
রাজ্যজুড়ে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কলকাতার গঙ্গার ঘাট-সহ বিভিন্ন জায়গায় প্রদীপ জ্বালানো হবে। সন্ধ্যা ৭টায় এই কর্মসূচি শুরু হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৭তম জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্য সদরদপ্তরে একটি বিশেষ মূর্তি উন্মোচন ও প্রতিস্থাপন করা হয়েছে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি মূর্তি উন্মোচন করেন। সেখানে শমীক বলেন, "ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে দীর্ঘ ২৫ বছর প্রশাসনিক সর্বোচ্চ পদে থেকে অপ্রাসঙ্গিক ভারতকে অন্য উচ্চতায় যিনি নিয়ে গিয়েছেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।"
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে বিজেপির রাজ্য সদর দপ্তরে ভিড় জমান প্রচুর নেতাকর্মীরা। শিল্পী সুশান্ত রায় মোদির মোমের প্রতিকৃতি মূর্তি বানিয়েছেন। বিজেপি জানিয়েছে, এর জন্য কোনও অর্ডার দেওয়া হয়নি। শিল্পী নিজে থেকেই এই মূর্তি বানিয়ে বিজেপির হাতে তুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকের দিনটিকে অন্নপূর্ণা যোজন দিবস হিসাবে পালন করা হচ্ছে। এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সল্টলেক অফিসে প্রধানমন্ত্রীর মূর্তি উন্মোচনের পর কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। বিজেপির রাজ্য সভাপতির মুখে প্রধানমন্ত্রীর বিচক্ষণতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কথা শোনা গিয়েছে। শমীক আরও বলেন, "আজ প্রধানমন্ত্রীর জন্মদিন। আজ সারা ভারতবর্ষ, কচ্ছ থেকে কন্যাকুমারী। কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত সর্বত্র প্রদীপ জ্বালিয়ে তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের প্রার্থনা করব। এতে সাধারণ মানুষের সহযোগিতা চাই।"
অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশাল যজ্ঞ করেন পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী তথা মানিকতলা বিধানসভার বিধায়ক তাপস রায়। কলকাতার ঠনঠনিয়া এলাকায় সেই যজ্ঞ করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থকরা। পাশাপাশি এলাকার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের সেই যজ্ঞে আমন্ত্রণ জানানো হয়েছিল।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ ছাড়াও দেশজুড়ে পালন করা হচ্ছে মোদির জন্মদিন। বিহার, উত্তরপ্রদেশ, ত্রিপুরা বিভিন্ন রাজ্যের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামানা করে ৭৬ কেজি দুধ ঢেলে পুজো ও আরতি করেছেন। পাশাপাশি উত্তরপ্রদেশের বারাণসীতেও তাঁর সুস্থতা কামনা করে অহল্যাবাই ঘাটে ৭৬ জন পুরোহিত মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি এবং ডমরু বাজিয়ে মা গঙ্গার পুজো করেন। সেখানে ৭৬ লিটার জাফরান মিশ্রিত জল ও দুধ দিয়ে গঙ্গায় দেওয়া হয়।
বদলের বাংলায় প্রথমবার প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হচ্ছে। বৃহস্পতিবার সেন্ট্রাল অ্যাভিনিউ রামমন্দির এলাকায় বিশ্বকর্মা পুজোর মণ্ডপে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হল। নরেন্দ্র মোদির সুবিশাল কাট আউটকে পুজো করা হয়। সেখানে মোদির নামে কেকও কাটা হয়। এদিকে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যবাসীর উদ্দেশে বার্তাও দেন প্রধানমন্ত্রী। নারীশক্তির কথা বলেছেন তিনি।