অর্থাভাবে আটকে ছবি, ৪২ লক্ষ দিয়ে রিলিজ করালেন শাহরুখ! ‘এই নাহলে কিং’, বলছেন ভক্তরা
দিলদরিয়া বাদশা! অর্থাভাবে আটকে থাকা ছবি রিলিজ করালেন শাহরুখ। যে সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়ার পথে।
বাদশা বরাবরই সংবেদনশীল। মেগাস্টার হলেও তাঁর সংবেদনশীলতা এবং জীবন দর্শনের পাঠ বরাবর অনুরাগীদের মুগ্ধ করেছে। এবার ফের মানবিক উদ্যোগ নিয়ে মহানুভবতার উদারণ তৈরি করলেন শাহরুখ। খবর, বাজেট সংক্রান্ত সমস্যায় প্রায় রিলিজ আটকে গিয়েছিল মারাঠি ছবি 'দেউল ব্যান্ড ২'-এর। শেষমেশ কাতর আর্তি নিয়ে বাদশার শরণাপন্ন হন পরিচালক প্রবীণ তার্ডে। এরপর কিং নিজেই উদ্যোগী হয়ে পড়েন। কীরকম?
আরও পড়ুন:
'ডিউল ব্যান্ড ২' পরিচালকের কথায়, শাহরুখই 'রেড চিলিস এন্টারটেইনমেন্ট'কে ডিজিটাল সিনেমা প্যাকেজের ৪২ লক্ষ টাকা মকুব করে দিতে বলেন। ফলত, বাদশার সাহায্যে অর্থাভাবের 'অভিশাপ' কাটতেই নির্ধারিত দিনে মুক্তির আলো দেখে মারাঠি ছবিটি। যে সিনেমা কিনা বর্তমানে বক্স অফিসে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছে, বললেও অত্যুক্তি হয় না! ৮ কোটির ছবির প্রায় ১০০ কোটির ব্যবসা করে ফেলেছে। কিং খানের এহেন উপকার ভোলেননি পরিচালক।
প্রবীণ তার্ডে জানান, শুরুতে ডিসিপির জন্য বাজেট ছিল ১২ লক্ষ, কিন্তু পরে খরচের বহর বেড়ে সেটা ৪২ লাখে দাঁড়ায়। আর প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শনের জন্য ডিসিপি ফরম্যাট আবশ্যক। কীভাবে মুশকিল আসান করলেন কিং? পরিচালক বলেন, "আমাদের কাছে অত টাকা ছিল না, এমনকী সেই অর্থ জোগাড় করার ক্ষমতাও ছিল না। আমরা 'রেড চিলিস'-এর সঙ্গে যোগাযোগ করে এই পরিস্থিতির কথা জানাই।" তারপর?
আরও পড়ুন:
তার্ডে বলছেন, শাহরুখের প্রযোজনা সংস্থাকে যখন জানালাম, এটা মারাঠি ছবি এবং আমাদের বাজেট সীমিত হওয়ায় রিলিজ করতে পারছি না, তখন বিষয়টি শাহরুখের কানে পৌঁছয়। উনি সিদ্ধান্ত নেওয়ার আগে সিনেমার বিষয়ে খোঁজখবর নেন। এরপরই টিমকে নির্দেশ দেন যে, "মারাঠি ছবিটিকে ডিসিপি দিয়ে দিন। টাকার বিষয়টা আমরা পরেও মেটাতে পারব। ছবিটা যদি ভালো হয়, তবে ডিসিপি দেওয়া উচিত।"
মারাঠি ছবির প্রতি বাদশার এহেন শ্রদ্ধা দেখে অভিভূত পরিচালক। তার্ডে জানান, টাকার থেকেও যে শাহরুখের কাছে সিনেমার গুরুত্ব বেশি, সেটা আবারও দেখিয়ে দিলেন উনি। তাই আমাদের 'ডিউল ব্যান্ড ২'-এর এহেন সাফল্যের সব কৃতীত্বই বাদশার। বর্তমানে ১০০ কোটির দুয়ারে এই ছবি। আঞ্চলিক বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করার পাশাপাশি সিনেসমালোচকদেরও ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে।