Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
India-Japan

ছড়াচ্ছে ক্রিকেট, ভারত ম্যাচ নিয়ে জাপানেও তুঙ্গে উন্মাদনা, নিমেষে শেষ সব টিকিট

শ্রীলঙ্কা থেকে পিচ তৈরির জন্য মাটিও পাঠানো হয়েছে জাপানে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ২০:১১

options
link
ছড়াচ্ছে ক্রিকেট, ভারত ম্যাচ নিয়ে জাপানেও তুঙ্গে উন্মাদনা, নিমেষে শেষ সব টিকিট zoom
ভারত-জাপান ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে।
Advertisement

এশিয়ান গেমসে নামার আগে জাপানের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারত। আগামী ২২ সেপ্টেম্বর সানোর মাঠে হওয়ার কথা সেই ম্যাচ। ভারত-জাপান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। এই ম্যাচকে কেন্দ্র করে জাপানের সাধারণ মানুষের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানোরও চেষ্টা চলছে। ইতিমধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। 

ক্রিকেটে জাপানের নাম সচরাচর আসে না। দেশটির প্রধান খেলাগুলির তালিকার প্রথমসারিতে থাকবে বেসবল, মার্শাল আর্ট, ফুটবল, সুমো কুস্তি। সেখানে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নিয়েছে জাপান ক্রিকেট সংস্থা। ম্যাচটি নিয়ে স্পনসরদের আগ্রহও বেশ নজরকাড়া। জানা গিয়েছে, জাপানের একটি নামী গাড়ি নির্মাতা সংস্থা প্রধান স্পনসর হয়েছে। সঙ্গে রয়েছে আরও বেশ কয়েকটি সংস্থা। জানা গিয়েছে, ম্যাচ আয়োজনের জন্য নিজেদের ফান্ডের প্রায় অর্ধেক পর্যন্ত খরচ করছে জাপান ক্রিকেট সংস্থা। আর্থিক সহযোগিতা করছে ভারতীয় ক্রিকেট বোর্ডও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জাপানের অধিনায়ক কেন্দেল কাদোয়াকির কথাতেও ধরা পড়েছে এই ম্যাচের মাহাত্ম্য। তিনি বলেছেন, “এখন মনে হচ্ছে সবটাই সত্যি। যদিও দলের অনেকের কাছেই এখনও সবটা অবিশ্বাস্য ঠেকছে। আমরা যে এমন একটি ম্যাচ খেলতে চলেছি, সেটাই যেন বিশ্বাস করতে পারছি না।” ম্যাচ নিয়ে দর্শকদের উৎসাহও চোখে পড়ার মতো। সানোর মাঠে আগে দর্শকাসন ছিল ৫০০। তা বাড়িয়ে করা হয়েছে ২০০০। কিন্তু সেই টিকিটও মুহূর্তের মধ্যে শেষ। আলাদা করে প্রচারের প্রয়োজন হয়নি। মুখে মুখেই ছড়িয়ে পড়েছে ভারত-জাপান ম্যাচের খবর।

টোকিও থেকে ১০০ কিমি দূরে সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। ছবি: জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন।

পিচ তৈরিতেও বিশেষ উদ্যোগ নিয়েছে জাপান। শ্রীলঙ্কা ক্রিকেট সংস্থার সঙ্গে যোগাযোগ করে পিচ তৈরির বিশেষজ্ঞ চাওয়া হয়েছিল। সেই মতো জাপানে গিয়েছেন শ্রীলঙ্কার বিশেষজ্ঞরা। পিচ তৈরির জন্য প্রয়োজনীয় মাটিও পাঠানো হয়েছে। শুধু সানো নয়, এশিয়ান গেমসের ম্যাচ যেখানে হবে, সেই নিশিন সিটির মাঠ তৈরির কাজও করছেন শ্রীলঙ্কার কর্মীরা। জাপান ক্রিকেট সংস্থার মুখ্যকর্তা নাওকি মিয়াজি বলেন, “সানোর মাঠকে নতুন করে সাজানোর পরিকল্পনা আমাদের আগেই ছিল। সেই পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে গিয়ে আইচির মাঠগুলিও তৈরি করা হচ্ছে। একই মাটি এবং একই ধরনের পিচ ব্যবহার করা হচ্ছে। ফলে এশিয়াডে আসা দলগুলিও সানোয় অনুশীলনের সুযোগ পাবে।”

জাপান নিয়মিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে অংশ নেয়। গত বছর অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হয়েছে। তবে ক্রিকেটের প্রসার শুধু সানোয় আটকে নেই। দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে স্কুলগুলিতে ক্রিকেট মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। চেন্নাইয়ে জন্মানো জাপানের ক্রিকেটার সাবাওরিশ রবিচন্দ্রন বলেন, “জাপানে সকলে দিনের বেলায় কাজ করেন। ক্রিকেট খেলার জন্য কেউ পারিশ্রমিক পান না। কিন্তু সপ্তাহান্তে সানোয় শয়ে শয়ে ছেলেমেয়ে ক্রিকেট খেলতে আসে। এমনও হয়, কেউ কেউ বুলেট ট্রেনে চড়ে অন্য শহর থেকে আসে। মাকোতো তানিয়ামা এবং ওয়াতারু মিয়াউচির মতো ক্রিকেটাররাও স্কুল ক্রিকেট থেকেই উঠে এসেছে।” ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। ভারতের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তার আগে জাপানের বিরুদ্ধে এই প্রীতি ম্যাচকে এশিয়াডের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.