Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Cristiano Ronaldo

মেসির নামে স্লোগানে রোনাল্ডোকে খোঁচা, সেঞ্চুরি গোলের ম্যাচে ‘সুরেলা’ জবাব আল নাসের তারকার

এই ম্যাচেই সৌদি প্রো লিগে শততম গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথমবার সৌদিতে লিগ জয় থেকে মাত্র কয়েক ধাপ দূরে পর্তুগিজ কিংবদন্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৩:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৬, ১৩:১১

options
link
মেসির নামে স্লোগানে রোনাল্ডোকে খোঁচা, সেঞ্চুরি গোলের ম্যাচে ‘সুরেলা’ জবাব আল নাসের তারকার zoom
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি। ফাইল ছবি
Advertisement

ফের একবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কটাক্ষ প্রতিপক্ষ সমর্থকদের। ‘মেসি’র নামে স্লোগান দিয়ে আল নাসর তারকাকে উত্যক্ত করার চেষ্টা করলেন আল শাবাব ক্লাবের সমর্থকরা। আর তার যোগ্য জবাবও দিলেন সিআর৭। প্রথমে আল নাসেরের হয়ে একশোতম গোল করে দলকে জেতালেন। প্রথমবার সৌদি প্রো লিগ জয় থেকে মাত্র কয়েক ধাপ দূরে পর্তুগিজ কিংবদন্তি। আর তারপর সঙ্গীত পরিচালকের মতো ভঙ্গি ধরে আল শাবাবের সমর্থকদের খোঁচা দিতেও ছাড়লেন না।

ম্যাচের মাঝেই দেখা যায়, প্রতিপক্ষ সমর্থকরা ক্রমাগত ‘মেসি’র নামে ধ্বনি দিচ্ছেন। রোনাল্ডোর সঙ্গে আর্জেন্তিনীয় মহাতারকার দ্বৈরথ নতুন কিছু নয়। এখন দুই মহাতারকা দুই মহাদেশে খেললেও তুলনা চলতেই থাকে। আগেও দেখা গিয়েছে, ‘মেসি’র নামে স্লোগান তুলে রোনাল্ডোকে বিরক্ত করার চেষ্টা করেছেন প্রতিপক্ষ সমর্থকরা। এবারও ঠিক তাই ঘটল।

Advertisement

আল শাবাবের সমর্থকরা স্লোগান তুলতেই রোনাল্ডো হাত নাড়াতে থাকেন। যেন গোটা বিষয়টায় মজা পেয়েছেন। তারপর সঙ্গীত পরিচালকরা যেভাবে বাদ্যকারদের নির্দেশ দেন, সেভাবেই হাত নাড়ান। যেন নিজেই পুরো বিষয়টা পরিচালনা করছে। এর আগে মেসির নামে স্লোগান শুনে ক্ষুব্ধ হয়েছেন রোনাল্ডো। কিন্তু এবার সেরকম করেননি। বরং সুরের তালেই জবাব দিয়েছেন।

এই ম্যাচেই সৌদি প্রো-লিগে শততম গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকার নজিরের দিনে আল নাসের ৪-২ গোলে আল শাবাবকে হারিয়ে লিগ টেবলের শীর্ষে উঠে এল। ৭৫ মিনিটে সাদিও মানের বাড়ানো বল ধরে দুর্দান্ত শটে গোল করে যান সিআর সেভেন। হ্যাটট্রিক করে আসল নায়ক জোয়াও ফেলিক্স। এদিনের গোলের সঙ্গে সঙ্গে রোনাল্ডোর কেরিয়ারের গোলসংখ্যা দাঁড়াল ৯৭১টি। এবারের লিগে তাঁর গোলসংখ্যা হল ২৬টি। এই জয়ের ফলে আল নাসেরের ৩২ ম্যাচে পয়েন্ট দাঁড়াল ৮২। যা দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের থেকে পাঁচ পয়েন্ট বেশি। আল হিলাল এবং আল নাসের আগমী মঙ্গলবার পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হবে। সেদিনই লিগ খেতাব কে জিতবে, তা নিশ্চিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। লিগ জিততে পারলে আল নাসেরের হয়ে প্রথম কোনও বড় খেতাব জিতবেন রোনাল্ডো।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.