স্টাফ রিপোর্টার: একদিকে পার্টি, অন্যদিকে বামফ্রন্ট৷ দুই কুল রক্ষা করতে গিয়ে দুমুখো নীতি নিয়ে চলতে হচ্ছে আলিমুদ্দিনকে৷ নির্বাচনী বিপর্যয়ের পর কর্মীদের হতাশা কাটাতে একদম নিচুস্তর পর্যন্ত বিনা অনুমতিতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ সেই ক্ষেত্রে প্রয়োজনে কংগ্রেসকেও যুক্ত করার পরামর্শ দিয়েছেন রাজ্য নেতৃত্ব৷ আবার বামফ্রন্ট রক্ষা করতে গিয়ে শরিকদের দাবি মেনে কংগ্রেস বিরোধী আন্দোলনে নামার সিদ্ধান্ত নিতে হচ্ছে সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের৷
সোমবার আলিমুদ্দিনে আন্দোলনের রূপরেখা তৈরি করার পাশাপাশি কংগ্রেস সম্পর্কে শরিকদের অবস্থান জানতে আলাদা আলাদাভাবে দ্বিপাক্ষিক বৈঠক করে সিপিএম৷ বৈঠকে সিপিআই কংগ্রেস সম্পর্কে নরম অবস্থান নিলেও আরএসপি, ফরওয়ার্ড ব্লক অনড় রয়েছে৷ তারা কোনওভাবেই কংগ্রেসের সঙ্গে আন্দোলনের রাস্তায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিতে বাধ্য হল আলিমুদ্দিন৷ আগামী ৩১ আগস্ট খাদ্য আন্দোলনের শহিদ দিবসে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম৷ বুধবার, ২৭ তারিখ রাজ্য বামফ্রন্টের বৈঠক৷ সেখানেই খাদ্য আন্দোলনের শহিদ দিবসের কর্মসূচির রূপরেখা চূড়ান্ত হবে৷ খাদ্য আন্দোলনের শহিদ দিবসে আন্দোলনের অর্থ কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন জিইয়ে রাখা৷ কারণ, ছয়ের দশকের শেষ দিকে যখন আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলা, সেই সময় রাজ্যে কংগ্রেসের শাসনকাল ছিল৷ গতবারও খাদ্য আন্দোলন নিয়ে নিয়মমাফিক কর্মসূচি নিয়েছিল বামফ্রন্ট৷ কিন্তু এবারের প্রেক্ষিত আলাদা৷ সিপিএম খাদ্য আন্দোলন নিয়ে জোরালো কর্মসূচি নিলে কংগ্রেসের প্রদেশ নেতাদের প্রতিক্রিয়া কেমন হয়, সেটা দেখার৷ তবে শরিকদলগুলির বেশিরভাগই খাদ্য আন্দোলনের ‘ইমোশন’ ছাড়তে রাজি নন৷ যে কারণে সিপিএমকেও কর্মসূচি নিতে হয়েছে৷ অন্যদিকে, আবার নিচু তলার কর্মীদের কাছে বার্তা দিতে কংগ্রেসকে সঙ্গে নিয়ে আন্দোলনের সম্মতিও দিয়ে ফেলেছে সিপিএমের রাজ্য নেতৃত্ব৷ যদিও এর পর আবারও দ্বিচারিতা-র প্রশ্ন যে উঠবেই, তা বলা বাহুল্য৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার