সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা ভরসা দিলে আর কোনও ভয় থাকে না, কিন্তু বর্ষার দেখা পাওয়া চাট্টিখানি কথা নয়৷ বিশ্ব উষ্ণায়নের জেরে ঋতুচক্রে নানা বদল দেখা দিয়েছে৷ আর তার ফলে সময়ে বর্ষার দেখাও মেলে না৷ এবার সেই হাল হকিকত খতিয়ে দেখতেই বিজ্ঞানীদের রোবট সাঁতার কাটবে বঙ্গোপসাগরে৷
বিগত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার জলবায়ুতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে৷ দীর্ঘ হয়েছে গ্রীষ্মের মেয়াদ৷ সময়ে দেখা মেলে না বর্ষার৷ যার ফলে কৃষিপ্রধান অঞ্চলে মাথায় হাত পড়েছে কৃষকদের৷ একদিকে যেমন বিভিন্ন দেশে খরার প্রকোপ দেখা দিয়েছে, তেমনই কৃষি ক্ষতিগ্রস্ত হওয়ায় আর্থ-সামাজিক ক্ষেত্রেও বড়সড় প্রভাব পড়ছে৷ এল নিনোর থাবায় পরিবেশের এই ভোল বদল ভাবিয়েছে বিজ্ঞানীদের৷ বদলানো সময়ে তাই বর্ষার অবস্থা খতিয়ে দেখতে এবার বঙ্গোপসাগরে বিশেষ রোবট পাঠাতে চলেছেন তাঁরা৷
মোট সাতটি রোবট পাঠানো হবে সমুদ্রের তলদেশে৷ বিশেষ প্রোগ্রামড এই রোবটগুলি দেখতে হবে টর্পেডোর মতো৷ সমুদ্রের তলদেশে ৪০০ কিমি জায়গা জুড়ে প্রায় ৩২৮০ ফুট উপর-নিচ করতে পারবে তারা৷ সেই সঙ্গে সমুদ্রের জলের তাপমাত্রা, ঢেউয়ের গতি ও অন্যান্য তথ্য পাঠাবে উপগ্রহে৷ ভারতীয় এক গবেষণা-জাহাজে চেপেই সে তথ্য সংগ্রহ করবেন ব্রিটিশ বিজ্ঞানীরা৷ এই তথ্য থেকেই জানা যাবে বর্ষার গতিপ্রকৃতি ঠিক কতটা বদলেছে৷ এখন ঋতুচক্রের রূপটাই বা কেমন হয়েছে তাও জানা যাবে৷
নতুন এই গবেষণায় সামগ্রিক ভাবে উপকৃত হবে দক্ষিণ এশিয়ার দেশগুলি৷ বর্ষার সঠিক সময় জানা গেলে কৃষকরা অনেকটা স্বস্তি পাবেন৷ অর্থনৈতিক ক্ষেত্রেও বিভিন্ন রাজ্যের মুখ থুবড়ে পড়ার ভয় দূর করতে পারে এই গবেষণা৷
সর্বশেষ খবর
-
ভুল নিয়মে পরলেই ঘোর অমঙ্গল, শুক্রের কৃপা পেতে কীভাবে হিরে ধারণ করবেন?
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!