Fairness Creams Heavy Metals

ফর্সা হতে গিয়ে কিডনির বিপদ ডাকছেন না তো? দুই ‘ফেয়ারনেস ক্রিমে’ ক্ষতিকর ধাতু, দেশজুড়ে সতর্কতা

এই দুই ক্রিম না কেনার এবং ইতিমধ্যে কেনা হয়ে থাকলে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ২১:১০

options
link
ফর্সা হতে গিয়ে কিডনির বিপদ ডাকছেন না তো? দুই ‘ফেয়ারনেস ক্রিমে’ ক্ষতিকর ধাতু, দেশজুড়ে সতর্কতা
ফর্সা হতে গিয়ে কিডনি, স্নায়ুর বারোটা!

ফর্সা হওয়ার আশায় নিয়মিত ব্যবহার করছেন স্কিন-হোয়াইটনিং ক্রিম? সাবধান। দুই ফেয়ারনেস ক্রিম নিয়ে দেশজুড়ে সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।

Advertisement

পরীক্ষায় এই দুই পণ্যে নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় ক্ষতিকর ভারী ধাতু পাওয়া গিয়েছে। পাশাপাশি, ভারতে আমদানির প্রয়োজনীয় রেজিস্ট্রেশনও নেই। ফলে গোরি বিউটি ক্রিম এবং চাঁদনি হোয়াইটনিং ক্রিমকে অনুমোদনহীন কসমেটিকস হিসেবে চিহ্নিত করেছে নিয়ন্ত্রক সংস্থা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-এর ৮ সেপ্টেম্বরের সতর্কবার্তা অনুযায়ী, দুই ক্রিমই পাকিস্তানে তৈরি। পরীক্ষায় নির্ধারিত সীমার বেশি ক্ষতিকর ভারী ধাতু ধরা পড়েছে। ভারতে বিক্রি করার জন্য প্রয়োজনীয় আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেটও নেই। তাই এই দুই ক্রিম না কেনার এবং ইতিমধ্যে কেনা হয়ে থাকলে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে সিডিএসসিও।

Advertisement
pakistan made fairness creams heavy metals cdsco india public health alert
ফর্সা হওয়ার প্রলোভনে পা নয়। ছবি: সংগৃহীত

কেন ভারী ধাতু নিয়ে এত সতর্কতা?
কিছু ভারী ধাতু শরীরে দীর্ঘদিন বা বারবার প্রবেশ করলে বিষক্রিয়া ঘটাতে পারে। বিশেষ করে পারদের সংস্পর্শে দীর্ঘদিন থাকলে কিডনি ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। অতীতে কিছু স্কিন-লাইটনিং পণ্যে ক্ষতিকর মাত্রায় পারদ থাকার বিষয়টিও সামনে এসেছে। সিডিএসসিও-র বিজ্ঞপ্তিতে এই দুই ক্রিমে ঠিক কোন ভারী ধাতু পাওয়া গিয়েছে বা তার পরিমাণ কত, তা এখনও সামনে আসেনি।

ছিল না ভারতে বিক্রির অনুমতি!
সিডিএসসিও জানিয়েছে, দুই পণ্যেরই ভারতে আমদানির প্রয়োজনীয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই। ভারতের কসমেটিকস রুল, ২০২০ অনুযায়ী, বিদেশে তৈরি কসমেটিকস আমদানি করে বাজারজাত করার ক্ষেত্রে নির্দিষ্ট রেজিস্ট্রেশন প্রয়োজন। অর্থাৎ, শুধু পণ্যের গায়ে ভালো ব্র্যান্ডের নাম বা ফর্সা করার দাবি থাকলেই তা ভারতীয় বাজারে বিক্রির জন্য বৈধ হয়ে যায় না।

pakistan made fairness creams heavy metals cdsco india public health alert
ভালোভাবে যাচাই করে তবেই কিনুন। ছবি: সংগৃহীত

তাহলে কীভাবে বাজারে এল?
দুই ক্রিম কীভাবে ভারতের বাজারে পৌঁছেছে, তার কোনও নির্দিষ্ট তথ্য এখনও সিডিএসসিও-র বিজ্ঞপ্তিতে নেই। কোনও নির্দিষ্ট আমদানিকারক, পরিবেশক বা পাচারের পথের নামও সেখানে উল্লেখ করা হয়নি। তবে অনুমোদনহীন কসমেটিকস বাজারে পৌঁছনোর বিষয়টি নিয়ে নিয়ন্ত্রক নজরদারির প্রয়োজনীয়তা ফের সামনে এসেছে।

বিক্রি বন্ধের নির্দেশ
দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোলার এবং সিডিএসসিও-র বিভিন্ন জোন, সাব-জোন ও বন্দর কতৃপক্ষকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজেদের এলাকায় এই দুই পণ্যের বিক্রি ও বিজ্ঞাপন বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

pakistan made fairness creams heavy metals cdsco india public health alert
মানুন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের নির্দেশ। ছবি: সংগৃহীত

গ্রাহকরা কী করবেন?
গোরি বিউটি ক্রিম বা চাঁদনি হোয়াইটনিং ক্রিম কিনে থাকলে তা ব্যবহার না করাই সিডিএসসিও-র পরামর্শ। অন্য কোনও ফেয়ারনেস বা স্কিন-হোয়াইটনিং ক্রিম কেনার সময় প্রস্তুতকারকের নাম, ব্যাচ নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদ শেষের তারিখ এবং প্রয়োজনীয় লাইসেন্স বা আমদানি রেজিস্ট্রেশনের তথ্য দেখে নিন।

ত্বকে লাগানোর পর জ্বালা, ফোলা, অস্বাভাবিক রং পরিবর্তন বা অন্য কোনও সমস্যা দেখা দিলে ত্বকরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সম্ভাব্য ভারী ধাতুর সংস্পর্শ নিয়ে উদ্বেগ থাকলে চিকিৎসককে ব্যবহৃত পণ্যের নাম জানান এবং প্যাকেটটি সঙ্গে নিয়ে যান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.