খরচ বাঁচাতে বন্ধ দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র। অথচ দিনে, রাতে দেদার দূষণ। মেঘলা আকাশ হলেই চিমনি দিয়ে কালো ধোঁয়া। কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও বিজেপি বিধায়কের। দূষণ নিয়ন্ত্রণে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর (ইএসপি) যন্ত্র বন্ধই থাকে। পরিষ্কার কিংবা মেঘলা আকাশ হলেই চিমনি দিয়ে বেরোচ্ছে কালো ধোঁয়া। খরচ কমাতে দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রেখে একাংশ কারখানা থেকে দূষণ ছড়ানোর অভিযোগ উঠছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র ( ইএসপি) চালানোর খরচ বাঁচাতে কখনও কখনও সেই যন্ত্র বন্ধ করে রাখা হচ্ছে। আর মেঘলা আকাশ কিংবা আকাশে মেঘের আস্তরণ থাকলে সেই প্রবণতা আরও বাড়ছে বলে অভিযোগ। দুর্গাপুর নগর নিগম এলাকার ২৯ নম্বর ওয়ার্ডে স্টেট ডায়েরি মোড় সংলগ্ন একটি বেসরকারি কারখানা ঘিরে এমনই অভিযোগ সামনে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, কারখানার চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আশপাশের এলাকায় দূষণ ছড়াচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর দাবি, দূষণ নিয়ন্ত্রণ যন্ত্রের মোটরের ক্ষতি এড়াতে এবং অতিরিক্ত খরচ কমাতে বিশেষ পরিস্থিতিতে যন্ত্র বন্ধ রাখা হয়। ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পরিবেশের উপর এর প্রভাবের কথা জানা সত্ত্বেও কেন দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা হবে? বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি এড়াতে পরিবেশের স্বার্থকে উপেক্ষা করার অভিযোগ উঠছে একাংশের বিরুদ্ধে। ওই কারখানা মালিক দেবাশিস মজুমদার বলেন, “আমরা ইচ্ছাকৃতভাবে দূষণ ছড়াই না। দূষণ নিয়ন্ত্রণের সমস্ত ব্যবস্থা মেনে চলা হয়। যন্ত্র বন্ধ রাখার যে অভিযোগ করা হচ্ছে, তা সঠিক নয়।”
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “তৃণমূল জামানার যে কুঅভ্যাস ছিল, সেই কুঅভ্যাস আর বরদাস্ত করা হবে না। পরিবেশের সঙ্গে কোনওরকম আপস করা যাবে না। দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হবে।” দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা নিয়ে সরব হয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও। তিনি দাবি করেন, “দূষণের বিরুদ্ধে সর্বাত্মক ভূমিকা নেওয়া হবে। মানুষের স্বার্থে পরিবেশ রক্ষার জন্য যতদূর যেতে হয়, আমরা ততদূর যাব। কোথাও দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার অভিযোগ এলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”
সর্বশেষ খবর
-
একটি বলও না খেলে এশিয়ান গেমসে চিনের অভিযান শেষ, সেমিতে বাংলাদেশ, কীভাবে?
-
নাবালিকাকে অপহরণের পর পাচার! আন্তঃরাজ্য পাচারচক্রে মহিলা-সহ ৫জনকে দোষী সাব্যস্ত আদালতের
-
স্নানে ঢোকার আগে চকোলেটে কামড়! কিছু বুঝে ওঠার আগেই সব শেষ, শ্রীদেবী লজে এ কোন রহস্য
-
বিজয় দিবসের আগেই ফিরবেন হাসিনা! আর কী জানাচ্ছে দলীয় সূত্র?
-
হাউথি হামলার জের! ভারতকে তেল সরবরাহ বন্ধ করল সৌদির আরামকো, সংকটের মুখে দেশ?