Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Asian Games

একটি বলও না খেলে এশিয়ান গেমসে চিনের অভিযান শেষ, সেমিতে বাংলাদেশ, কীভাবে?

নিজেদের দক্ষতায় আট দলের নকআউট পর্বে উঠেছিল চিন। সেই কারণেই এ হেন ফলাফল তাদের জন্য হতাশাজনক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৬:৫২

options
link
একটি বলও না খেলে এশিয়ান গেমসে চিনের অভিযান শেষ, সেমিতে বাংলাদেশ, কীভাবে? zoom
চিনের মহিলা ক্রিকেট দল। ছবি সংগৃহীত।
Advertisement

মাঠে বল গড়ানোর আগেই বিদায় হল চিনের। হ্যাঁ ঠিকই শুনছেন। এশিয়ান গেমসে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মহিলাদের ক্রিকেট ইভেন্ট। সেখানে প্রথম কোয়ার্টার ফাইনালে খেলার কথা ছিল বাংলাদেশ বনাম চিনের। কিন্তু ভাগ্য বড় দস্তুর! বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেল ম্যাচ। এর ফলে বাংলাদেশ শেষ চারে জায়গা করে নিলেও কোনও ম্যাচ না খেলে বিদায় নিতে হল চিনকে। কিন্তু কেন এমন হল?

কোন নিয়মে সেমিফাইনালে উঠল বাংলাদেশ? উত্তর পেতে গেলে জানতে হবে এশিয়ান গেমস ক্রিকেটের নিয়ম। ১৬.১০.২ (বি) অনুযায়ী, নকআউট স্টেজে কোনও ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে আইসিসির ক্রমতালিকায় এগিয়ে থাকা দলই পরের পর্বের উঠবে। র‍্যাঙ্কিংয়ে চিনের থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। তাই সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। অন্যদিকে, কেবল র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার জন্য বিদায় নিতে হল চিনকে। নিজেদের দক্ষতায় আট দলের নকআউট পর্বে উঠেছিল চিন। সেই কারণেই এ হেন ফলাফল তাদের জন্য হতাশাজনক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এবারের এশিয়ান গেমস ক্রিকেটে কেবল মহিলা দল পাঠিয়েছিল চিন। পুরুষদের দল পাঠায়নি। তাই এভাবে বিদায় নেওয়ার পর নিঃসন্দেহে মনখারাপ তাদের ক্রিকেট সমর্থকদের। উল্লেখ্য, আইসিসির ক্রমতালিকায় চিনের মহিলা দল রয়েছে ৩৬ নম্বরে। বাংলাদেশ দশম স্থানে। সেই সুবিধাই পেয়েছে তারা। এশিয়াড শুরুর ১০ দিন আগেই প্রবল বৃষ্টিতে বানভাসি হয়েছিল জাপানের আইচি-নাগোয়া। ভারী বর্ষণে শহরের বহু রাস্তা ও বাড়িঘর জলের তলায় চলে যায়। বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা ক্রীড়াবিদদেরও নাজেহাল হতে হয়।

ক্রীড়াবিদদের থাকার জন্য শিপিং কন্টেনার দিয়ে তৈরি হওয়া অস্থায়ী আবাসনের ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল ঢুকে পড়ার খবর পাওয়া যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু ক্রীড়াবিদকে উঁচু এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এমনকী সপ্তাহজুড়ে বৈরী আবহাওয়ার কারণে কোরোগি স্পোর্টস পার্ক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, খেলা বাতিল করা ছাড়া আর কোনও রাস্তা ছিল না। নাগোয়ার উপকণ্ঠে অবস্থিত এই ভেন্যুতে এশিয়ান গেমসের সমস্ত ক্রিকেট ম্যাচ আয়োজিত হবে।

প্রসঙ্গত, শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত বনাম আয়োজক জাপান। এই ম্যাচের বিজয়ী দল ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে নিগার সুলতানার দলের সঙ্গে খেলবে। যদিও আবহাওয়ার কারণে ভারত-জাপান ম্যাচ নিয়েও সংশয় রয়েছে। খেলা বাতিল হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারে জায়গা করে নেবে হরমনপ্রীত কৌররা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.