নোনা হাওয়ার ছোঁয়া। শুধু চোখেমুখে, চুলে নয়। লাগবে এবার সর্বাঙ্গে। গায়ে থাকবে না একটুকরোও কাপড়। বিলাসবহুল প্রমোদতরীতে নগ্ন হয়ে ঘুরে বেড়ানোই দস্তুর। সব আবরণ ঝেড়ে ফেলে নীল সমুদ্রে ভেসে বেড়ানোর এ এক আশ্চর্য সুযোগ। শুনতে অদ্ভুত লাগলেও, এটাই সত্যি। বিশ্বের পর্যটন মানচিত্রে দারুণ জনপ্রিয় ‘ন্যুড ক্রুজ’। আদতে তা বস্ত্রহীন প্রমোদতরী। কোনও রকম সামাজিক জড়তা বা কৃত্রিমতার বালাই নেই এখানে। পোশাকের চেয়েও বড় হয়ে ওঠে মনের মুক্তি। আর রয়েছে অনাবিল স্বাধীনতা।

আরও পড়ুন:
তবে অবান্তর কৌতূহল বা কোনও রকম অশালীনতার প্রশ্রয় এখানে নেই। এটি আসলে প্রকৃতিবাদের এক অনন্য উদযাপন। ‘বেয়ার নেসেসিটিজ’ নামের এক মার্কিন ট্যুর সংস্থার হাত ধরে এই অভিনব ভ্রমণের জনপ্রিয়তা বাড়ছে। তাদের সবথেকে বড় আকর্ষণ ‘বিগ ন্যুড বোট’। ক্যারিবিয়ান সাগরের বুকে নরওয়েজিয়ান ক্রুজ লাইনের এক বিশাল জাহাজে চলে এই এগারো দিনের অনন্য সফর। প্রায় দু’হাজার যাত্রী নিয়ে পুয়ের্তো রিকো, সেন্ট কিটস কিংবা অ্যান্টিগার মতো নয়নাভিরাম দ্বীপে ঘুরে বেড়ায় এই তরী।
জাহাজের অন্দরমহলে বিলাসের সব আয়োজন মজুত। বাহারি রেস্তোরাঁ, চমৎকার বার, স্পা, থিয়েটার থেকে শুরু করে ক্যাসিনো— কী নেই সেখানে! তবে এই সবকিছুর মধ্যেই কাজ করে এক অলিখিত সাম্যবাদ। কোনও দামি ব্র্যান্ডের পোশাক বা আভিজাত্যের লড়াই নেই। সবাই এখানে প্রকৃতির সন্তান, একদম খাঁটি ও অকৃত্রিম। শরীর নিয়ে সমস্ত কুণ্ঠা ভুলে এখানে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে।

অবশ্য বস্ত্রহীন ভ্রমণেরও কিছু নিজস্ব আদবকায়দা রয়েছে। জাহাজ যখন মাঝসমুদ্রে থাকে, তখনই কেবল পোশাকহীন থাকার ছাড়পত্র মেলে। কিন্তু জাহাজ বন্দরে নোঙর করলেই আবার সভ্য পোশাক পরে নিতে হয়। এমনকী নিজের ঘরের বারান্দাতেও তখন জামাকাপড় পরা বাধ্যতামূলক। জাহাজের মূল ডাইনিং রুমে রাতের খাবারের টেবিলে পোশাক পরাই নিয়ম। আর যেখানেই বসুন না কেন, নিচে একটি তোয়ালে রাখা আবশ্যিক। পরিচ্ছন্নতার স্বার্থেই এই নিয়ম। সহযাত্রীদের ছবি তোলার ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। কোনও রকম অশালীন পোশাক বা আচরণ এখানে বরদাস্ত করা হয় না। নিয়ম ভাঙলে মাঝপথেই জাহাজ থেকে নামিয়ে দেওয়া হতে পারে।

এই মুক্ত জীবনের স্বাদ নিতে খরচ অবশ্য কম নয়। কেবিন ভেদে জনপ্রতি ভাড়া শুরু হয় দুই হাজার ডলার থেকে, যা পৌঁছাতে পারে প্রায় তেত্রিশ হাজার ডলার পর্যন্ত। ২০২৭ সালের বুকিং এখনই শুরু হয়ে গিয়েছে। সব বাধা ভেঙে সমুদ্রের বুকে এমন এক আশ্চর্য মুক্তির স্বাদ নিতে আপনি তৈরি তো?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭