রাবাংলা পার্বণ থেকে বিহু, এপ্রিলে অন্তত একবার সাক্ষী থাকুন দেশের এই ১৩ উৎসবের
বসন্তের বিদায়বেলা থেকে বৈশাখ আবাহনের সন্ধিক্ষণ। এই সময়টা যেন উৎসবের এক মহামিলন ক্ষেত্র।
ছাম্বি মহোৎসব, সিকিমের সংস্কৃতি: এপ্রিলের মাঝামাঝি সিকিমের আকাশে-বাতাসে এক অন্য সুর অনুরণিত হয়। সিকিমের নিজস্ব ঐতিহ্য, লোকসঙ্গীত এবং হস্তশিল্প নিয়ে এই উৎসবটি পালিত হয়। বৌদ্ধ বিহারগুলোর আঙিনায় বৌদ্ধ সন্ন্যাসীরা মুখোশ পরে রঙিন নাচ পরিবেশন করেন। সিকিমের নিজস্ব সংস্কৃতিকে আরও কাছ থেকে দেখার জন্য এই সময়ের গ্যাংটক সফর একদম সার্থক।
আরও পড়ুন:
বিশু উৎসব, কিন্নরের নববর্ষ: হিমাচল প্রদেশের কিন্নর উপত্যকায় এপ্রিল মাসে এক আশ্চর্য উৎসব উদযাপিত হয়। এর নাম বিশু। গ্রামবাসীরা একত্রিত হয়ে সাবেকি পোশাকে ঐতিহ্যবাহী নাচে মেতে ওঠেন। দেবতাদের পালকি নিয়ে শোভাযাত্রা বের হয়। নতুন বছরের শুরুতে এখানে পুরনোকে বিদায় জানানোর জন্য গ্রামজুড়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বৈশাখী, পাঞ্জাবের প্রাণশক্তি: ১৩ বা ১৪ই এপ্রিল পাঞ্জাব ও হরিয়ানার মাঠগুলো সোনালি শস্যে ভরে ওঠে। শিখদের কাছে এটি শুধু ফসলের উৎসব নয়, এটি তাদের নববর্ষ। পবিত্র গুরুদ্বারে প্রার্থনা দিয়ে দিনটি শুরু হয়। এরপর ঢোলের আওয়াজে চারপাশ মুখরিত হয়ে ওঠে। এই সময়ে পাঞ্জাবের গ্রামগুলোতে গেলে ভাঙড়া আর গিদ্ধা নৃত্যশৈলীর আসল রূপ দেখা যায়।
গাজন, পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতি: এপ্রিলের শেষলগ্নে চৈত্র সংক্রান্তি উপলক্ষে পশ্চিমবঙ্গজুড়ে পালিত হয় গাজন উৎসব। এটি মূলত গ্রামবাংলার শিব ও ধরিত্রী মাতার মিলনের উৎসব। সন্ন্যাসীরা কৃচ্ছ্রসাধনের মাধ্যমে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন। ঢাকের শব্দে গ্রাম মুখরিত হয়। মেলা, ছৌ নাচ এবং বিভিন্ন লোকজ আচার-অনুষ্ঠান বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে এক অনন্য পরিচয় দিয়েছে।
আরও পড়ুন:
থ্রিসুর পুরম, কেরালা: কেরালার মন্দির নগরী থ্রিসুরে এপ্রিল মাসে আয়োজিত হয় বিশ্বের অন্যতম বড় উৎসব। সাজানো হাতি আর বাদ্যযন্ত্রের সমারোহ দেখার মতো। প্রায় ৩০টিরও বেশি হাতি তাদের স্বর্ণখচিত সাজ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। সারারাত ধরে চলে আতশবাজির প্রদর্শনী। কেরালা সংস্কৃতির প্রকৃত বৈভব দেখতে হলে এই উৎসবে সামিল হওয়া আবশ্যিক।
আত্তুকল পোঙ্গালা, কেরালা: এপ্রিলের শুরুর দিকে তিরুবনন্তপুরমের আত্তুকল মন্দিরে মহিলারা সমবেত হন। হাজার হাজার মহিলা মন্দির প্রাঙ্গণে মাটির হাঁড়িতে নতুন চালের পায়েস তৈরি করেন। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম নারী সম্মেলন হিসেবে পরিচিত। ধর্মীয় বিশ্বাসের সঙ্গে নারীর ক্ষমতায়নের এক অপূর্ব মেলবন্ধন এই উৎসবে দেখা যায়।
অউলি স্কিইং ফেস্টিভ্যাল, উত্তরাখণ্ড: উৎসবের তালিকায় একটু রোমাঞ্চের ছোঁয়া দিতে উত্তরখণ্ডের অউলি দুর্দান্ত। এপ্রিলের শুরুতে বরফ যখন গলতে শুরু করে, তখন এখানে বিশেষ স্কিইং উৎসবের আয়োজন করা হয়। তুষারাবৃত হিমালয়ের কোলে দেশি-বিদেশি পর্যটকরা স্কিইং প্রতিযোগিতায় অংশ নিতে আসেন। প্রাকৃতিক সৌন্দর্য আর খেলার নেশা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়।
শাদ সুক মাইনসিয়েম, মেঘালয়: খাসি সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী উৎসব এপ্রিল মাসে মেঘালয়ে পালিত হয়। এটি মূলত থ্যাঙ্কসগিভিং বা কৃতজ্ঞতা জানানোর উৎসব। শিলংয়ের পলো গ্রাউন্ডে খাসি পুরুষ ও মহিলারা রঙিন পোশাকে সাবেকি নাচ পরিবেশন করেন। পাহাড়ের কোলে এমন বর্ণিল লোক উৎসবের সাক্ষী হওয়া যেকোনও পর্যটকের কাছেই পরম পাওয়া।