‘লোকে বলেছিল দু’মাসেই ডিভোর্স হয়ে যাবে’, ৩৭ বছর পর ‘নায়িকা’ পুত্রবধূকে নিয়ে মুখ খুললেন শাশুড়ি
ইন্ডাস্ট্রির ফেমাস তারকা পুত্রবধূ হলে সংসার ছারখার! ছেলের বিয়ে দেওয়ার আগে এমন কটূক্তি শুনতে হয়েছিল কোন অভিনেত্রীর শাশুড়িকে? দীর্ঘ ৩৭ বছর পর প্রকাশ্যে সেই ঘটনা।
তিনি আর কেউ 'ম্যায়েন প্যায়ার কিয়া' খ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রী (Bhagyashree)। 'তুম হো না'-তে এসে অভিনেত্রীর শাশুড়ি জানান, প্রতিবেশীদের কথা তাঁকে কতটা চিন্তায় ফেলেছিল। ছেলের বিয়ের সময় অনেকেই বলেছিলেন, ভাগ্যশ্রীর মতো স্টার কখনও ঘরের বউ হতে পারে না। তারকাদের পক্ষে সংসার করা কখনই সম্ভব নয়। বিয়ের দু'মাসের মধ্যেই বিচ্ছেদ অনিবার্য। এই কটূক্তিগুলোই তাঁকে দুঃশ্চিন্তায় ফেলেছিল।
আরও পড়ুন:
স্মৃতিচারণ করে তিনি বলেন, "আমাকে অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। একজন বড় স্টার তোমাদের বাড়িতে আসছে, এখন কী হবে? দু’মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে। সে আদৌ সংসার করতে পারবে? তোমাদের জীবন তো শেষ!" এরপর শোয়ের সঞ্চালক রাজীব খান্ডেলওয়াল জানতে চান সেলিব্রিটি বউমার সঙ্গে তাঁর মানিয়ে নিতে সমস্যা হয়েছে? শাশুড়ির সপাট জবাব, 'একদমই না'।
পুত্রবধূর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, "ও এত সুন্দরভাবে সংসার সামলায় যে আমাকে কিছুই দেখতে হয় না। সংসার ও পেশাগত জীবন সামলাতে একেবারে সিদ্ধহস্ত।" দেখতে দেখতে দাম্পত্যের ৩৭ বছর কাটিয়ে ফেললেন ভাগ্যশ্রী। সমালোচকদের মুখে ছাই দিয়ে যোগ্য জবাব অভিনেত্রী, তা বললে অত্যুক্তি হবে না। সলমনের সঙ্গে 'ম্যায়নে প্যায়ার ক্যায়া'-তে অভিনয়ের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ।
‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’। এই তকমাই তিনি পেয়েছেন দর্শকদের কাছ থেকে। কিন্তু সেই এক সিনেমাই আজও বলিউডের প্রথম প্রেমের প্রতীক। আর এরপর অফারের কমতি ছিল না ভাগ্যশ্রীর কাছে। বলিউডে তাঁর ভবিষ্যৎ ছিল বেশ উজ্জ্বল। কিন্তু প্রযোজক-পরিচালকদের সমস্ত অফার হেলায় ফিরিয়ে দিয়েছেন নায়িকা। এমন আবার কেউ করে নাকি? তাও আবার সংসারি হওয়ার জন্য? প্রয়াত প্রযোজক যশ চোপড়া পর্যন্ত তাঁকে ‘মূর্খ’ বলে সম্বোধন করেছিলেন।