‘ম্যাও’ বলে ডাক! নন্দিনীকে ঠোঁটঠাসা চুমু রাজবীরের, বাংলা টেলিভিশন এতটা সাবালক? উঠছে প্রশ্ন
‘বিগ বস বাংলা’য় রাজবীর-নন্দিনীর মাখোমাখো রসায়ন দেখে চোখ ঢাকার জোগাড় ‘সংস্কারি’ দর্শকমহলের।
'বিগ বস বাংলা'র ঘরে দীর্ঘদিন ধরেই এক বিছানায় ঘুমোন নন্দিনী-রাজবীর। তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছেন যুগল। কখনও জড়িয়ে ধরেছেন একে অপরকে। কখনও আবার চুমু খেয়েছেন। অন্য প্রতিযোগীদের কাছেও দিনের আলোর মতো পরিষ্কার তাঁদের রয়াসন। এর মাঝেই আবার রাজবীরের গলায় 'লাভ বাইট' দেখে ভ্রু কুঁচকেছেন একাংশ!
আরও পড়ুন:
দিন দুয়েক আগেই ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে রাজবীর-নন্দিনীর ঝগড়া বেঁধেছিল। অভিমানী রাজবীর স্পষ্ট বলে দিয়েছিলেন, এই সম্পর্ক আর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়! কিন্তু ২৪ ঘণ্টা ঘুরতে না ঘুরতেই মান-অভিমানের বরফ গলে জল। এবার চর্চায় শৌচালয়ে তাঁদের মাখোমাখো প্রেম। একে-অপরকে ঠোঁটঠাসা চুম্বনে মাতলেন রাজবীর-নন্দিনী। ঠিক কী ঘটেছে?
এক দৃশ্যে দেখা যায়, রাজবীরের পায়ের কাছে বসে নন্দিনী। গল্পের মাঝে আচমকা অভিনেত্রীকে কাছে টেনে নেন তিনি। তারপরই কপাল, গাল বেয়ে আদর নামে। সঙ্গে বিড়ালের মতো 'ম্যাও' ডাকে খুনসুটি! এরপর ঠোঁটে ঠোঁট রেখে রাজবীর-নন্দিনীর চুম্বন আরও গাঢ় হয়। যে দৃশ্য আপাতত সোশাল পাড়ায় শোরগোল ফেলে দিয়েছে। শুধু কি তাই! দর্শকমহলের একাংশের প্রশ্ন, বাংলা টেলিভিশন চ্যানেল কবে থেকে এতটা সাবালক হল?
তার ঠিক আগেই বিছানায় শুয়ে সৃজলাকে নিয়ে রাজবীরকে ‘ফুঁসমন্তর’ দেন নন্দিনী। বলেন, “ওর তো স্টেবল বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে এভাবে কথা কেন বলে?” আসলে শুরু থেকেই সৃজলা গুহর সঙ্গে রাজবীর দের কথা বলা নিয়ে বেজায় আপত্তি নন্দিনী দত্তের। অনেকের দাবি, সেই রাগেই সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দিয়েছেন নন্দিনী। তা নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি!
আরও পড়ুন:
নন্দিনীকে 'ভিলেন' আখ্যা দিয়ে অবিলম্বে 'বিগ বস বাংলা'র দূর্গ থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন সিংহভাগ নেটবাসিন্দা থেকে দর্শক। সৃজলা চোট পাওয়ায় অবশ্য রাজবীরও রেগে গিয়েছিলেন, কিন্তু কাছের মানুষকে হারানোর ভয়ে কনে দেখা আলো অভিনেত্রী নিত্যদিন যেভাবে ফন্দিফিকির আঁটছেন, তা দেখে তাজ্জব দর্শকমহল! রাজবীরও মান-অভিমান ভুলে নন্দিনীর সঙ্গে খুল্লমখুল্লা প্রেমে ডুব দিয়েছেন।