‘কেচ্ছা’য় ভরা পিএসএল, এবার গালিগালাজ কোচের! আর কোন বিতর্কে পুড়ল পাকিস্তানের মুখ?
দিনে-দিনে যেন ‘সার্কাসে’ পরিণত হচ্ছে পিএসএল।
আরও পড়ুন:
করাচির ইনিংসে ১৯তম ওভারের ঘটনা। শেষ ওভারে জয়ের জন্য কিংসের দরকার ছিল ১৪ রান। বল করতে আসেন হ্যারিস রউফ। রউফের সঙ্গে ছোট্ট আলোচনায় যোগ দেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান। সেখানে একাধিকবার হাতবদল হয় বল। নাটক এখানেই শেষ নয়। দেখা যায়, রউফের হাত থেকে বল নিয়ে তাতে কিছু একটা ঘষছেন ফখর। এর ঠিক পরেই হ্যারিসের হাতে বল তুলে দেন তিনি।
এই দৃশ্য নজর এড়ায়নি আম্পায়ারের। বল পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। অন্য আম্পায়ারের সঙ্গে আলোচনা করেন। খানিক পরে তাঁরা সিদ্ধান্ত নেন, বলটি বিকৃতি করা হয়েছে। এরপর আইসিসির নিয়ম মেনে প্রতিপক্ষ করাচির ঝুলিতে যোগ হয় বাড়তি ৫ রান। বলও বদলে ফেলা হয়। ফখর জামানকে সতর্ক করে দেওয়া হয়। পুরো ঘটনাই ক্যামেরায় ধরা পড়ে। ফলে ফখর যেন ‘লাইভ টেলিকাস্টেই’ হাতেনাতে ধরা পড়ে যান।
যদিও এরপর গুরু পাপে লঘু দণ্ড পান তিনি। বল বিকৃতি করায় মাত্র ২ ম্যাচ নিষিদ্ধ করা হয় ফখর জামানকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী ‘লেভেল থ্রি’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। তারপর ম্যাচ রেফারি রোশন মহানামা চূড়ান্ত সিদ্ধান্ত জানান। সব তথ্য-প্রমাণ যাচাই করে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন।
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। এবার সেখানে একটি আউটকে কেন্দ্র করে দুই দলের দুই ক্রিকেটার ঝামেলায় জড়িয়ে পড়লেন। তাঁদের রাগ এতটাই চরমে ওঠে যে, সেই ঝামেলা মেটাতে আসরে নামতে হল দুই দলের ক্রিকেটারদের। ঘটনার দুই কুশীলব ফাহিম আশরাফ এবং মহম্মদ আমির। ফাহিম খেলেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। রাওয়ালপিণ্ডি পিন্ডিজের হয়ে খেলেন আমির।
পরক্ষণেই আমিরের দিকে তেড়ে যান অলরাউন্ডারটি। ব্যাট উঁচিয়ে উত্তেজিতভাবে কিছু বলতেও থাকেন। আমির প্রথমে পাত্তা না দিলেও পরে পালটা জবাব দেন। যা মাঠের উত্তেজনাকে বাড়িয়ে দেয়। অবশেষে রাওয়ালপিণ্ডিজের দু’জন খেলোয়াড় আশরাফকে শান্ত করেন। তাঁকে সাজঘরের দিকে এগিয়ে দেন। বাকিরা সেই সময় আমিরকে ধরে রেখেছিলেন। ঝামেলার সামাল দিতে আসরে নেমেছিলেন আম্পায়াররাও। ফলে ঝামেলা বেশি দূর গড়ায়নি।
এই ম্যাচ হারের পর ইসলামাবাদ ইউনাইটেডের হেডকোচ লুক রনকি মেজাজ হারান। এক সাংবাদিক বারবার অন্যের প্রশ্নের মাঝখানে বাধা দেওয়ায় বলেন, “আমরা একটা অর্ডার মেনে চলছি। উনি প্রশ্ন করবেন… আমি এসবের তোয়াক্কা করি না।” (মূল মন্তব্যে অশালীন ভাষা ব্যবহার করেন।) পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করেন সঞ্চালক। তিনি বলেন, “অনুগ্রহ করে সবাই প্রেস কনফারেন্সের শৃঙ্খলা বজায় রাখুন।”
যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য জেরবার। আমেরিকা ও ইজরায়েল মিলিতভাবে ইরানে হামলা চালানোর পর তেলের সংকটে ভুগেছিল অনেক দেশ। বিমান পরিষেবাও বিপর্যস্ত। সেসব মাথায় রেখেই পিএসএলের সূচি বদলানোর সিদ্ধান্ত নেয় পাক বোর্ড। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হবে। পাকিস্তান সুপার লিগ শুরুর আগেই এমন ঘোষণা করে পাক বোর্ড। শুরু হয় বিতর্ক। যাতে কটাক্ষ নেটদুনিয়ায়, জ্বালানি নেই, তাই দর্শকও নেই! পিএসএল যেন ‘পেট্রল শর্টেজ লিগ’।
লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটার্স ম্যাচ। সহজেই জেতে কোয়েটা। শেষের দিকে বেভন জেকবস ৬ বলে ১৪ রান করে ম্যাচ জেতান। ৫ বলে ৩ রান করেন দীনেশ চান্দিমাল। মজার বিষয় হল, বেভন জেকবসের বদলি হিসেবে ইতিমধ্যে দীনেশ চান্দিমালের নাম ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের ক্রিকেটার জাতীয় দলে যোগ দেবেন। কিন্তু তার আগে বদল হওয়া বেভন ও বদলি দীনেশ একই সঙ্গে ম্যাচ খেলেন।
সব মিলিয়ে, এবারের পিএসএল যেন ‘সার্কাসে’ পরিণত। অপেশাদারিত্বের একেবারে চূড়ান্ত পাকিস্তান সুপার লিগ! যে লিগ নিয়ে সোশাল মিডিয়ায় মিমের বন্যা। সেই কারণেই হয়তো পিএসএল ছেড়ে একের পর এক ক্রিকেটার আইপিএলে চলে এসেছেন। এই তালিকায় রয়েছেন ব্লেসিং মুজারাবানি, শ্রীলঙ্কার দাসুন শনাকা, ক্যারিবিয়ান ক্রিকেটার গুদাকেশ মোতি।