‘দেশু ৭’ শুটে ফের কাছাকাছি! ত্রিকোণ প্রেমেই ভেঙেছিল দেব-শুভশ্রীর ‘পরাণ’?
শুভশ্রীর প্রেমে জ্বলেছে ‘রোমিও’ দেবের পরাণ! ফিরে দেখা জুটির এক দশকের রোম্যান্টিক দিনগুলি।
সেই 'পরাণ যায় জ্বলিয়া'র মাখোমাখো প্রেম থেকে 'ধূমকেতু'র অবতরণ। মাঝখানে কেটেছে প্রায় একদশক। বদলেছে সম্পর্কের সমীকরণ। তবুও অনুরাগীরা প্রশ্ন করে গিয়েছেন, 'মিলন হবে কত দিনে?' অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি 'দেশু ৭'-এর প্রচারঝলকে নস্ট্যালজিয়া উসকে দিয়েছেন দেব-শুভশ্রী। আর প্রাক্তন জুটির প্রত্যাবর্তনেই আবারও নস্ট্যালজিয়ার সরণি বেয়ে ভক্তরা হারিয়ে যেতে চাইছেন তাঁদের রোম্যান্সের দিনগুলিতে।
আরও পড়ুন:
সেই প্রেক্ষিতেই 'দেশু ৭' পুজোর পর্দা কাঁপানোর প্রাক্কালে ফিরে দেখা যাক দেব-শুভশ্রীর রোম্যান্টিক দিনগুলি। ২০০৯ সালে রাজ চক্রবর্তীর হাত ধরে 'চ্যালেঞ্জ' ছবিতে জুটি বাঁধেন দেব-শুভশ্রী। সেই নতুন জুটিকে দেখে ভালোবাসায় ভেসে গিয়েছিলেন বাংলার দর্শকমহল। তারকাজুটি মোটে ৬টি সিনেমা করলেও তাঁদের অনস্ক্রিন রোম্যান্স থেকে অতীতের প্রেম স্মৃতিতে আজও বুঁদ ভক্তরা।
আরও পড়ুন:
ইন্ডাস্ট্রির অন্দরে তখন ফিসফাস, জনপ্রিয় মডেলের প্রেমে পড়েছেন দেব। ব্যাস! দাবানল গতিতে চাউড় হওয়া সে খবর পৌঁছয় শুভশ্রীর কানেও। ভাঙন শুরু সেখান থেকেই। সেসময়ে 'খোকা ৪২০' শুটিং চলছে। সেসময়ে রুক্মিণীর সঙ্গে বন্ধুত্ব গভীর হচ্ছে। আর দূরত্ব বাড়তে থাকে শুভশ্রীর সঙ্গে। সেটাই ছিল ব্রেকআপের আগে 'দেশু'র শেষ ছবি।
কাট টু ২০১৪ সাল। 'ধূমকেতু'র চিত্রনাট্যে দেব ছাড়া অন্য নায়ক বেমানান। অন্যদিকে নায়িকা হিসেবে সেসময়ে শ্রাবন্তী-প্রিয়াঙ্কার নাম শোনা গেলেও গল্পের চরিত্র অনুযায়ী শুভশ্রীকেই মনে ধরে পরিচালক-প্রযোজকের। অভিনেত্রীও রাজি। এরপর নৈনিতালে শুটিং। সেখানে দেবের নতুন 'দেবী'র উপস্থিতি থেকে আরও অনেক সমীকরণের সাক্ষী পাহাড়ি আঁকবাঁক। আজও শোনা যায়, বিয়ের শট দিয়ে এসে হাউহাউ করে কেঁদেছিলেন শুভশ্রী!
হয়তো কালের নিয়মেই আটকে ছিল 'ধূমকেতু'র ছবির মুক্তি। সব ভুলে নতুনভাবে বন্ধুর মতো মুখোমুখি হোক দেব-শুভশ্রী, এমনটাই চেয়েছিল ব্রহ্মাণ্ড। ২০২৫ সালে হলও তাই। একদশক বাদে 'ধূমকেতু'র মুক্তি উপলক্ষে প্রাক্তন জুটি বন্ধুত্বের নতুন সংজ্ঞা তৈরি করল। এবার ছাব্বিশ সালে ফের একবার পর্দা থেকে বক্স অফিস মহারণে জিততে একে-অপরের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা।
আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে 'দেশু ৭'। বুধবারই নিজেদের সাত নম্বর ছবির শুটিং সমাপ্তির কথা জানিয়ে 'ডিরেক্টর' দেবের উদ্দেশে কলম ধরেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যে 'মনকেমনে'র চিঠিতে এসেছে বন্ধু দেবের প্রতি তাঁর মুগ্ধতার কথা। শুভশ্রী লেখেন, "তোমার ব্যক্তিত্বের এক নতুন দিক দেখলাম। পরিচালক হিসেবে তোমার যে স্বচ্ছ ধারণা ও সুনিপুণ পরিকল্পনা রয়েছে, সেটা দেখেই আমি অবাক।"
শুধু তাই নয়, 'ডিরেক্টর' দেবকে নিয়েও বড় ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন শুভশ্রী। ভক্তদের 'লেডি সুপারস্টারে'র কথায়, "মন থেকে বিশ্বাস করি, 'দেশু ৭' মুক্তি পাওয়ার পর আমাদের সিনেইন্ডাস্ট্রি এই প্রজন্মের এমন একজন পরিচালককে পাবে, যে চমৎকার সব গল্পের মাধ্যমে দর্শককে মুগ্ধ করবে। তোমার জন্য গর্ববোধ হচ্ছে, দেব। তুমি বাজিমাত করবেই।"