বৃহস্পতি না থাকলে পৃথিবীতে প্রাণের সৃষ্টিই হত না! কেন এত গুরুত্বপূর্ণ গ্রহরাজ?
নাসার গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
এই সৌরজগতে গ্রহরাজ বলে ডাকা হয় বৃহস্পতিকে। প্লুটো গ্রহের তকমা হারানোর পর থেকে সূর্যের পরিবারে পূর্ণ গ্রহের শিরোপা আটটি গ্রহের মাথায়। সেই আট গ্রহের একটি গ্রহ মাত্র কিন্তু নয় বৃহস্পতি। বিরাট গ্যাসীয় 'দানব'টির গুরুত্ব অপরিসীম। তবে মনে হতেই পারে বৃহস্পতির কী ভূমিকা থাকতে পারে পৃথিবীর জীবজগৎ সৃষ্টির নেপথ্যে?
আরও পড়ুন:
আসলে বৃহস্পতি হল গ্যাসীয় পদার্থের এক ঘূর্ণায়মান পিণ্ড। এখানে প্রায় সর্বক্ষণ প্রচণ্ড ঝড় বইতে থাকে। এটা মোটেই প্রাণের বিকাশের জন্য অনুকূল পরিবেশ নয়। কিন্তু সেখানে প্রাণের জন্ম না হলেও পৃথিবীর ক্ষেত্রে তার ভূমিকা ছিল বিরাট। আসলে বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষ বল সৌরজগতের প্রাথমিক গঠন প্রক্রিয়ায় বড় ভূমিকা রেখেছিল।
কী সেই ভূমিকা? আসলে বৃহস্পতিই নির্ধারণ করে দিয়েছিল, পৃথিবীর মতো গ্রহগুলো কেবলই প্রাণহীন পাথুরে পিণ্ড হয়ে থাকবে, নাকি এমন স্থানে পরিণত হবে যেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। সহজ করে বললে, বৃহস্পতি দ্রুত গঠিত হয়েছিল। এবং এর বিপুল ভর কাছাকাছি সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নিয়েছিল। ধুলো, শিলা ও রাসায়নিক উপাদানগুলিকে এরপর সে পাঠিয়ে দিয়েছিলেন সৌরজগতের অভ্যন্তরের দিকে। সেখানেই ছিল পৃথিবী।
আরও পড়ুন:
বৃহস্পতি যে আমাদের 'অভিভাবক', সেকথা অবশ্য বিজ্ঞানীরা বহু আগে থেকেই বলে আসছেন। বলা হত, অতিকায় গ্রহাণুরা এই নীল রঙের গ্রহের দিকে ছুটে আসার সময় অনেক ক্ষেত্রেই বৃহস্পতি তাদের ছিটকে যেতে সাহায্য করেছে পৃথিবীর কাছ থেকে। কিন্তু এবার নাসা জানাল, কেবল এই টুকুই নয়। পৃথিবীর জীবজগতের অস্তিত্বের নেপথ্যে তার অবদান আরও বেশি।