Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
Amitabh Bachchan

বচ্চনের ছবি দেখে হিন্দি শেখা! গাভাসকরদের পাশে বসে সেই ভাষাতে ধারাভাষ্য আফগানি শাকিরের

ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে হিন্দি ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৪:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১৪:২৬

options
link
বচ্চনের ছবি দেখে হিন্দি শেখা! গাভাসকরদের পাশে বসে সেই ভাষাতে ধারাভাষ্য আফগানি শাকিরের zoom
শরাফউদ্দিন শাকির। ছবি সংগৃহীত।
Advertisement

কাবুলে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতেন। সিনেমা দেখতে দেখতেই হিন্দি শেখা। সেই ভাষাতেই এবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ধারাভাষ্য দিয়ে চমকে দিলেন আফগানিস্তানের শরাফউদ্দিন শাকির। পাশে বসে কিংবদন্তি সুনীল গাভাসকর মুগ্ধ হয়ে দেখালেন থাম্বস-আপ। 

ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজে হিন্দি ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা শাকিরের কাছে স্বপ্নপূরণের মতো। তাঁর সাবলীল উচ্চারণ শুনে খোদ প্রশংসা করে গেলেন গাভাসকরও। শাকিরের কথায়, “উনি আমাকে থাম্বস-আপ দেখালেন। বুঝিয়ে দিলেন, আমার হিন্দি উচ্চারণ কতটা পরিষ্কার। ওঁর চোখেমুখেও সেই প্রশংসা ফুটে উঠেছিল।” আফগানিস্তানে হিন্দি সিনেমা রমরমিয়ে চলে। ছোটবেলা থেকেই বলিউডের ভক্ত শাকির। বিশেষ করে অমিতাভ বচ্চনের। ১৯৯২ সাল। বিগ বি-র ‘খুদা গাওয়া’র শুটিং হয়েছিল কাবুল, কুন্দুজ, বাঘলানের মতো আফগান প্রদেশে। সেই ছবি তাঁর মনে গভীর প্রভাব ফেলে। সেই শুরু। এরপর বচ্চনের সিনেমা দেখতে দেখতেই হিন্দি ভাষা রপ্ত করে ফেলেন শাকির।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাকির বলেন, “কাবুলের এক পাঠান আজ ভারতের মাটিতে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছে। এর থেকে আনন্দের আর কী হতে পারে!” গত ১৫ বছর ধরে পশতু ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন শাকির। ২০১৭ সালে আয়ারল্যান্ড সিরিজের সময় প্রথম বার ভারতে এসেছিলেন। তবে এবারের অভিজ্ঞতা তাঁর কাছে একেবারেই অন্য রকম। কমেন্ট্রি বক্সে সঞ্জয় মঞ্জরেকর, সুনীল গাভাসকর, অজয় জাদেজার মতো প্রাক্তন তারকাদের পাশে বসার সুযোগ পেয়েছেন। জাদেজাকে দেখে তাঁর মন্তব্য, “একটা সময় আপনাদের টিভিতে দেখে স্বপ্ন দেখতাম। আর আজ ঈশ্বর এমন দিন দিয়েছেন, আপনাদের পাশে বসে ধারাভাষ্য দিচ্ছি।”

শাকিরের আফগানিস্তানের হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেছেন। রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করে তিনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন। সেখানে সিইও-র দফতর, হিউম্যান রিসোর্স, গেম ডেভেলপমেন্ট, মিডিয়া-সহ বিভাগে কাজ করেছেন। আফগান ক্রিকেটের উত্থান খুব কাছ থেকে দেখেছেন। আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ায় গর্বিত শাকির। এখন সেদেশে বছরে অন্তত ১৫টি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা হয়। এর মধ্যে শপাগিজা লিগ অন্যতম।

শাকির নিজে আইসিসি স্বীকৃত লেভেল-১ কোচ। ধারাভাষ্যকার হিসাবে তাঁর আদর্শ রবি শাস্ত্রী এবং নভজ্যোত সিং সিধু। সিধুর ধারাভাষ্যের ধরন এতটাই পছন্দ তাঁর যে, পশতু ভাষায় ধারাভাষ্য দেওয়ার সময়ও কখনও কখনও সিধুর জনপ্রিয় সংলাপ ব্যবহার করেন। একটা সময় আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের তেমন পরিচিতি ছিল না। সেই সময়ে শচীন তেণ্ডুলকর, রাহুল দ্রাবিড়দের খেলা দেখেই ক্রিকেটের পাঠ নিয়েছেন। সময় বদলেছে। আফগান ক্রিকেটের রশিদ খান, মহম্মদ নবিরা এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছেও জনপ্রিয়। আর সেই বদলে যাওয়া আফগান ক্রিকেটেরই এক প্রতিনিধি শাকির। যিনি হাজার হাজার মাইল দূরে বসে যে ভাষা শিখেছিলেন, আজ সেই হিন্দিতেই ভারতীয় দর্শকদের সামনে ক্রিকেটের গল্প শোনাচ্ছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.