তৃণমূল আমলে ৩২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল। কিন্তু পাঁচবছর যেতে না যেতেই জলে গেল সেতু। আড়াআড়ি ভেঙে পড়ল ওই কংক্রিটের সেতু। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকে। কালু নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ ওই সেতুটি ভেঙে পড়েছে। সেতুর একপাড়ে দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের আবাদ গঙ্গাধরপুর গ্রাম। অন্যপাড়ে শ্রীনারায়ণপুর-পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল এই সেতুটি। সেতু ভেঙে পড়ায় নিদারুণ সমস্যায় কালু নদীর দু’পাড়ের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তৃণমূল শাসনকালে পাঁচবছর আগেই প্রায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের সেতুটি তৈরি হয়। কিন্তু নির্মাণের সময় থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। কিছুদিনের মধ্যেই অভিযোগ সত্যি করে ভেঙে পড়ে সেতুটি। পরবর্তীকালে মাত্র কয়েকটি সরু রড দিয়ে কোনওরকমে ফের ঢালাই করে জোড়াতালি দেওয়া হয়। সেইসময় নিম্নমানের কাজের প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের ভয় দেখানো, মারধর এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিরও অভিযোগ ওঠে।
আরও পড়ুন:
রবিবার ভোরে সেতুটি ফের ভেঙে পড়লে এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের কাজের সঙ্গে যারা যুক্ত, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। দ্রুত সেতু পুনর্নির্মাণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের কাছে এই সেতুটির গুরুত্ব অত্যন্ত বেশি। স্কুলে যাতায়াত থেকে শুরু করে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, রামগঙ্গা বিডিও অফিস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছনোর অন্যতম প্রধান যোগাযোগ ছিল এই সেতু। ফলে সেতু ভেঙে পড়ায় বিশেষ করে অসুস্থ মানুষ, পড়ুয়া এবং জরুরি পরিষেবার ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়েছে।
এখন নদী পারাপারের জন্য কলার মান্দাসই কার্যত ভরসা হয়ে দাঁড়িয়েছে বাসিন্দাদের। এক রোগীকেও মান্দাসে করে নদী পার করতে দেখা গেল তাঁর পরিজনদের। সুন্দরবন বিষয়ক উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা সেতুটি দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন। মন্ত্রী আরও জানান, সেতু তৈরির সময় কোনওরকম দুর্নীতি হয়েছিল কিনা তার তদন্তও হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তিনি যেই হোন তাঁর বা তাঁদের শাস্তি হবেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দাঙ্গার মাঝে কীভাবে হিন্দুদের বাঁচালেন গোপাল পাঁঠা? ‘৪৬-এর আর্তনাদ’ তুলে ধরবে রাজ্যের এই পুজো
-
প্রেমের সিনেমা নয়, জীবনের ক্যানসার স্টাডি! কেমন হল আদৃতের ‘বেপরোয়া’?
-
বিধানসভায় পাশ শিক্ষক বদলি বিল, বিশ্ববিদ্যালয়ের স্বশাসন দুর্বল হবে না তো?
-
শিল্প-পর্যটনে জোয়ার, রুখা পুরুলিয়ায় বিনিয়োগ ১ লক্ষ কোটি টাকা
-
পুজোর আগে ঘরকে দিন নতুন রূপ, এই ৬ জিনিস বদলালেই কেল্লাফতে