সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বাসের রেষারেষিতে দু’কান কাটা গেল যাত্রীর। খাস কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা গড়িয়াহাটের এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুই বাসের চালককে।
[আরও পড়ুন: শীঘ্রই জলের নিচে মেট্রো, টুইটারে ভিডিও পোস্ট করে জানালেন রেলমন্ত্রী]
ঘটনা শুক্রবার সকালের। অন্যান্য দিনের মতো এদিনও অফিস টাইমে ২১২ নম্বর বাসে ছিল উপচে পড়া ভিড়। বাসে বসা তো দূর, ঠিকমতো দাঁড়ানোরও জায়গা পাননি যাত্রীরা। অগত্যা বাসের পাদানিতেই দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে ছিলেন ৬৫ বছরের সমীর পাল নামের এক ব্যক্তিও। কোনওক্রমে দরজার হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন তিনি। ঠিক এমন সময় ৩সি/১ রুটের বাসের সঙ্গে রেষারেষি শুরু করে ওই বাসটি। অতিরিক্ত যাত্রী নেওয়ার জন্য কলকাতার বুকে বাসের রেষারেষি অত্যন্ত স্বাভাবিক ছবি। ৩সি/১ বাসকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে ২১২ বাসটি। আর তখনই ঘটে বিপত্তি। গড়িয়াহাট ক্রসিংয়ের কাছে দুটি বাস এতটাই কাছাকাছি চলে আসে যে দুয়ের রেষারেষিতে দুটি কানই ছিঁড়ে যায় যাত্রী সমীর পালের। আঙুলেও গুরুতর চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে বাস থামিয়ে চেঁচামেচি শুরু করেন অন্যান্য যাত্রীরা। খবর দেওয়া হয় পুলিশকেও। গুরুতর আহত অবস্থায় সমীর পালকে আমরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুই বাসের চালককেই গ্রেপ্তার করা হয়। আটক করা হয় দুই বাসের দুজন কনডাক্টরকেও। কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: অবাঞ্ছিত ভিড় এড়াতে ওপিডি টিকিট কাউন্টার হাসপাতালের বাইরে, সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের]
উল্লেখ্য, দিন কয়েক আগে ভিড়ে দাঁড়িয়ে থাকা এক বাস যাত্রীর হাত কাটা পড়েছিল। হরিদেবপুরে ঘটেছিল সে ঘটনা। পুলিশি তৎপরতায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। এবার বাসে উঠে প্রাণ সংশয় ঘটল ঢাকুরিয়ার বাসিন্দা সমীর পালের। গোটা ঘটনায় এখনও আতঙ্কিত তিনি। আমরি থেকে তাঁকে আপাতত অন্য হাসপাতালে নিয়ে গিয়েছে তাঁর পরিবার।
সর্বশেষ খবর
-
ভোটের আগে হিংসা ছড়ানোর পরিকল্পনা! অডিও কাণ্ডে হুমায়ুনকে তলব পুলিশের
-
এমডি-কার্ডিওলজিস্ট, সব ডিগ্রিই ভুয়ো! বর্ধমানে প্রকাশ্যে ‘ডাক্তারবাবু’র জালিয়াতি
-
এনজেপি স্টেশনে গ্রেপ্তার ৪ রোহিঙ্গা, কোন পথে দেশে ঢুকছে অনুপ্রবেশকারীরা?
-
কালিম্পংয়ে বসে চিকেনস নেকের তথ্য পাচার! পুলিশের জালে আফগান যুবক, বড় নির্দেশ পুলিশের
-
৩০০ কোটি পেরিয়ে বেনজির সাফল্য, দেখা করে টিম ‘হনুমান অংশ’কে শুভেচ্ছা দেবেন্দ্র ফড়নবিশের