সারাদিনের ক্লান্তি কাটাতে ডুব দেওয়া যায় ঘুমের দেশে। ঘরের কাজে জর্জরিত হয়ে, অথবা কর্মক্ষেত্রে ব্যস্ত দিনের মধ্যে কতবারই না জানি মানুষ ভেবে বসে, কেউ যদি সব ছেড়ে কেবল ঘুমাতে দিত, কত ভালোই না হত! কিন্তু ঘুমই যদি হয়ে ওঠে প্রতিযোগিতার বিষয়, তাহলে কেমন হয়? এই প্রতিযোগিতায় অংশ নিলে কেবল যে নিশ্ছিদ্র ঘুম ঘুমানোর সুযোগ পাওয়া যাবে, তাই নয়। ঘুমশেষে পাওয়া যাবে মোটা টাকার পুরস্কার, যার মূল্য কয়েক লক্ষ টাকা!
জাপানে এবার এমনই এক অভিনব ‘স্লিপ রেস’-এর আয়োজন করা হচ্ছে, যেখানে দৌড়, লাফ বা শারীরিক কসরতের বদলে প্রতিযোগীদের কাজ হবে কেবলমাত্র ঘুমোনো। বিজয়ীর পুরস্কার হিসেবে রাখা হয়েছে ২২.২ লক্ষ জাপানি ইয়েন, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২–১৩ লক্ষ টাকার কাছাকাছি।
আরও পড়ুন:

এই প্রতিযোগিতার আয়োজক জাপানের নামি ম্যাট্রেস সংস্থা ‘কোয়ালা জাপান’। প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘ম্যাট-রেস বাই কোয়ালা’। অক্টোবরের প্রথম সপ্তাহে আয়োজিত প্রতিযোগিতাটিতে দিনে মোট তিনটি রেস হবে এবং প্রতিটি রেসে ২০ জন করে অংশ নেবেন। আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের চেয়ে বেশি হলে লটারির মাধ্যমে প্রতিযোগী বেছে নেওয়া হবে।
ঘুমাতে হবে টানা ৯০ মিনিট (Sleep For 90 Minutes)। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারছেন, আর কার ঘুম কতখানি গভীর, এ সবই হবে এই প্রতিযোগিতায় দেখার বিষয়। সেই অনুযায়ী পাওয়া যাবে ‘স্লিপ স্কোর’। তবে শুধু বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই জয়ী হওয়া যাবে, এমন নয়। প্রত্যেক প্রতিযোগীর ঘুম পর্যবেক্ষণ করা হবে বিশেষ ‘স্লিপ মনিটারিং ইকুয়িপমেন্ট’-এর মাধ্যমে। সামগ্রিক মূল্যায়ন চিকিৎসকদের তত্ত্বাবধানে হওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।
ঘুমের আগে থাকবে ঘুম দ্রুত আনার জন্য ‘স্লিপ ওয়ার্ম আপ’-এর ব্যবস্থা। প্রতিযোগীদের বিশেষ ‘স্লিপ আইটেমস’-ও দেওয়া হবে, যাতে গভীরভাবে ঘুমিয়ে পড়তে পারেন তারা। তবে সবচেয়ে মজার বিষয় হল, প্রতিযোগীদের ঘুম যাতে খুব সহজ না হয়, তার ব্যবস্থাও থাকবে এখানে! ৯০ মিনিটের ঘুম চলাকালীন আয়োজকরা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ধরনের বিরক্তিকর পরিস্থিতি তৈরি করবেন, যাতে ঘুম বারবার ভেঙে যায়। অর্থাৎ চ্যালেঞ্জ শুধু দ্রুত ঘুমিয়ে পড়া নয়, বরং বাইরের বাধা সত্ত্বেও ঘুমের মান বজায় রাখা।

বড় অঙ্কের পুরস্কারের পাশাপাশি থাকছে আরও কিছু মজার বিভাগ। সবচেয়ে গভীর ঘুমের জন্য দেওয়া হবে ‘ডিপ স্লিপ অ্যাওয়ার্ড’। আবার সবচাইতে নজরকাড়া ঘুমের ভঙ্গির জন্য থাকছে ‘স্লিপ ফ্লিপ অ্যাওয়ার্ড’। অর্থাৎ, টোকিওর এই প্রতিযোগিতায় ঘুমের দক্ষতাই হবে জয়ের মাপকাঠি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াই শেষ, স্ত্রী মিতাকে নিয়ে আত্মসমর্পণের পথে মাওবাদী নেতা শচীন
-
আঙুলের ইশারা, মুখের ভঙ্গিই ভরসা! মূক-বধিরদের ‘পাঠ’ খুদে ছাত্রী নাসিমার
-
বিনামূল্যে সোমনাথ দর্শন, ১০০০ ভক্তের থাকা-খাওয়া-যাতায়াতের খরচ দেবে রাজ্যই
-
‘রুল টেকার নয়, রুল শেপার’, গ্লোবাল সাউথের নেতৃত্বে ভারত! ব্রিকসে বিরাট ঘোষণা মোদির
-
‘মির্জাপুর’ সিনেমাকে টেক্কা, অক্ষয়-সইফের ‘হাইওয়ান’ সরিয়ে থাকবে ‘হনুমান অংশ’!