ঠাসা ক্রীড়াসূচিতে খেলতে হচ্ছে। তার জেরে বারবার চোটের কবলে পড়ছেন ক্রিকেটাররা। দীর্ঘদিন ধরেই বিসিসিআইকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এবার ভারতীয় বোর্ডকে নিয়ে আরও বিস্ফোরক খবর প্রকাশ্যে এল। সূত্রের খবর, ক্রিকেটারদের ক্লান্তি বা শারীরিক সমস্যা নিয়ে বোর্ড মোটেও ভাবিত নয়। তাই দলের সঙ্গে আলোচনা না করেই ম্যাচের সূচি প্রকাশ করে দিচ্ছে বিসিসিআই।
আগামী মাসে ভারতীয় দল যাবে নিউজিল্যান্ড সফরে। সেখানে পাঁচটি করে টি-২০ এবং ওয়ানডে খেলবে ভারতীয় দল। তারপরে রয়েছে দু’টি টেস্ট। একমাসের সামান্য বেশি সময়ের মধ্যে মোট ২০ দিন খেলতে হবে শুভমান গিলদের। যদিও ক্রিকেটারদের কেউই টানা তিন ফরম্যাটে খেলবেন না। তবে অন্তত দু’টি ফরম্যাটে খেলবেন এমন ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয়। ফলে প্রশ্ন উঠছে, এত কম সময়ের মধ্যে এত ধকল কীভাবে সামলাবেন ক্রিকেটাররা?
নিউজিল্যান্ড সফরের মাত্র পাঁচদিন আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ করবে ভারত। কিউয়িদের দেশে গিয়ে ২৫ দিনের মধ্যে ১০টি সাদা বলের ম্যাচ। তার ঠিক চারদিন পরে দুই টেস্টের সিরিজ। সূত্রের খবর, শেষ দু’টি ওয়ানডে’তে অধিনায়ক শুভমান গিল এবং কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণ, জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁরা দল থেকে আলাদা হয়ে টেস্ট সিরিজের ভেন্যুতে গিয়ে অনুশীলন করবেন। এমনকী কোচিং স্টাফও ভাগ হয়ে যাবে। দু’জন কোচ থাকবেন ওয়ানডে দলের সঙ্গে, বাকিরা টেস্টের প্রস্তুতিতে চলে আসবেন।
প্রশ্ন উঠছে, এমন ঠাসা ক্রীড়াসূচি কেন? ক্রীড়া ব্যবসায় বলে, ভারতীয় দল বিশ্বের যেকোনও প্রান্তেই খেলুক না কেন দর্শক আসবেই। ফলে পকেট ভরবে ক্রিকেট বোর্ডের। সেকথা মাথায় রেখেই কি এমন ক্রীড়াসূচি? শোনা যাচ্ছে, ভারতীয় দল বা ম্যানেজমেন্টকে এই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কিছু জানানোই হয়নি। আলোচনা তো দূরের কথা। কিন্তু এইভাবে একতরফা সিদ্ধান্ত নেওয়া যায় কি? ক্রিকেটারদের স্বাস্থ্যে বিষয়টিকে এত অবহেলা করা উচিত হচ্ছে কি? হাজারো প্রশ্ন ভারতীয় বোর্ডকে ঘিরে।
সর্বশেষ খবর
-
১০০০০ মৃত্যু! হড়পা বানের ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কায় নেপালের মন্ত্রী, মুখ খুলল পুলিশ
-
বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীকার’ বনাম প্রশানিক ‘স্বায়ত্তশাসন’
-
জলে ভাসছে স্কুল! রাত পোহালেই উচ্চ মাধ্যমিক, ভূতনিতে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কী?
-
ইরান যুদ্ধে মার্কিন সেনার মৃত্যুর সংখ্যা লুকোচ্ছে আমেরিকা! হেগসেথ বললেন, ‘বাজে কথা’
-
মানসিক চাপ ফুটে ওঠে ত্বকেও, পুজোর আগে ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কীভাবে?